Women’s Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে সংসদের বিশেষ অধিবেশনের ভাবনা কেন্দ্রের, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আত্মবিশ্বাসী সরকার

Special Parliament session on Women's Reservation Bill

মাধ্যম নিউজ ডেস্ক: মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) কার্যকর করার লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার (Special Parliament Session) পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়ে সরকার যথেষ্ট আত্মবিশ্বাসী বলে সূত্রের খবর। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ১৫ থেকে ১৮টি ভোট বেশি পাওয়ার ব্যাপারে আশাবাদী কেন্দ্র। সরকারি সূত্রের দাবি, বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় সমর্থন সরকারের হাতে রয়েছে। তবে বিশেষ অধিবেশনের সম্ভাব্য দিনক্ষণ বা কতদিন অধিবেশন চলবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব

বর্তমানে লোকসভায় অনুমোদিত আসনসংখ্যা ৫৪৩। তবে তিনটি আসন শূন্য থাকায় বর্তমানে সদস্যসংখ্যা ৫৪০। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজন ৩৬১টি ভোট। প্রস্তাবিত সংবিধান সংশোধনীর অন্যতম লক্ষ্য হল আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের মাধ্যমে লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বাধিক ৮৫০ করা। এর মাধ্যমে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ প্রশস্ত করতে চাইছে কেন্দ্র। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বাজেট অধিবেশনের বিশেষ বৈঠকে একই ধরনের একটি সংবিধান সংশোধনী বিল লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পাশ করানো সম্ভব হয়নি।

বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা

সংসদের বর্ষাকালীন অধিবেশন গত ১৩ অগস্ট অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত বা প্রোরোগ করা হয়নি। ইতিমধ্যেই ৯১ দিন ধরে এই অধিবেশন প্রোরোগ না হওয়ায় ২০০৮ সালের ৮৭ দিনের রেকর্ডও ছাপিয়ে গিয়েছে। সূত্রের খবর, বর্তমান অধিবেশনের মেয়াদ বাড়িয়ে বৈঠক করতে হলে অন্তত দু’দিনের নোটিস প্রয়োজন। অন্যদিকে, সম্পূর্ণ নতুন অধিবেশন ডাকতে হলে অন্তত ১৪ দিনের নোটিস দিতে হবে। বর্ষাকালীন অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত না করার সিদ্ধান্ত ঘিরে আগেই বিশেষ অধিবেশন ডাকার জল্পনা তৈরি হয়েছিল।

দক্ষিণের রাজ্যগুলির উদ্বেগ দূর করার উদ্যোগ

ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির উদ্বেগ দূর করতে প্রতিটি রাজ্যে লোকসভার আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিবেচনা করছে কেন্দ্র। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর করাও সরকারের অন্যতম লক্ষ্য। আগের প্রস্তাবের ভিত্তিতে তৈরি নতুন খসড়ায় ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে বিভিন্ন রাজ্যের মধ্যে লোকসভার আসন বণ্টনের অনুপাত অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে বলে জানা গিয়েছে। তবে সরকারি সূত্রের দাবি, এটি বিবেচনাধীন একাধিক বিকল্পের মধ্যে একটি। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share