মাধ্যম নিউজ ডেস্ক: এসআইআর (SIR) নিয়ে সংসদে আলোচনার জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Amit Shah Attacks Rahul) সরাসরি চ্যালেঞ্জ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ইস্যুতে আলোচনার জন্য কেন্দ্র সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও প্রস্তুত বলে জানিয়ে দিলেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হরিয়ানার কর্নালে বিজেপির ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির জনসভা থেকে এই বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসআইআর প্রক্রিয়া নিয়ে অযৌক্তিক জটিলতা
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই প্রসঙ্গ টেনেই অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রীকে বিতর্কের চ্যালেঞ্জ জানাচ্ছেন রাহুল। সত্যিই যদি আলোচনা করতে চান, তা হলে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখুন। সংসদের বিশেষ অধিবেশন ডেকে আলোচনার ব্যবস্থা করতে কেন্দ্র প্রস্তুত। এসআইআর প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোর চলছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও জবাবদিহির দাবি জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে সংসদে আলোচনার প্রস্তাব দিয়ে বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শাহ।
সংসদ অচল করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
এদিনের সভা থেকে কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করতেও ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, সংসদে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পরিবর্তে বারবার অধিবেশনের কাজে বাধা তৈরি করছে কংগ্রেস। সংসদ অচল করে দেওয়াই তাদের রাজনৈতিক অভ্যাসে পরিণত হয়েছে। অমিত শাহ বলেন, “দেশের মানুষ পরপর তৃতীয়বার নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের পরাজয়ের ধারা অব্যাহত রয়েছে।” কেন বিজেপি এই কর্মসূচি করছে, তার ব্যাখ্যা দিতে গিয়েই কংগ্রেসের বিরুদ্ধে সংসদের কাজকর্মে বিঘ্ন ঘটানোর অভিযোগ তোলেন তিনি।
ভিয়েতনাম সফর নিয়ে রাহুলকে প্রশ্ন শাহের
শুধু সংসদ বা এসআইআর নয়, রাহুল গান্ধীর সাম্প্রতিক বিদেশ সফর নিয়েও প্রশ্ন তুলেছেন অমিত শাহ। বিশেষ করে ভিয়েতনাম সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাহুল গান্ধী সম্প্রতি ভিয়েতনাম থেকে ফিরেছেন। তাঁর বিদেশ সফর সম্পর্কে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। শাহের কথায়, বিরোধী দলনেতার মতো সাংবিধানিক পদে থাকা ব্যক্তির জনসাধারণের কাছে জবাবদিহি করা উচিত। জনজীবনে কোনও দায়িত্বপূর্ণ পদে থাকলে নিজের আচরণ ও কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
রাহুলের চ্যালেঞ্জের জবাব
সম্প্রতি সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বিদেশি সাহায্যের উপর নির্ভর করেই প্রধানমন্ত্রী পদে এসেছেন মোদি। এমনকী, প্রধানমন্ত্রীর আর্থিক ব্যবস্থাও বিদেশিদের নিয়ন্ত্রণ ও সমর্থনে চলছে বলে দাবি করেন তিনি। বিদেশি সমাজমাধ্যমও মোদিকে সমর্থন করছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতা। এর পরেই প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান রাহুল। তাঁর বক্তব্য, যে কোনও জায়গায়, যে কোনও সময়ে এই বিতর্ক হতে পারে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, সাহস থাকলে আলোচনায় আসুন। তাঁর দাবি, তাঁর জানা বিভিন্ন তথ্য সামনে আসার ভয়েই প্রধানমন্ত্রী এই বিতর্ক এড়িয়ে যাবেন। রাহুলের সেই চ্যালেঞ্জের জবাবে এবার সংসদে বিশেষ অধিবেশন ডেকে আলোচনার প্রস্তাব দিলেন অমিত শাহ। ফলে এসআইআর ইস্যুতে বিজেপি ও কংগ্রেসের রাজনৈতিক সংঘাত এবার সংসদের বিশেষ অধিবেশন ঘিরে নতুন মাত্রা পেল।

Leave a Reply