Jon Ossoff: তাঁর মধ্যে ওবামার ছায়া! ২০২৮-এ কি মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন জর্জিয়ার জয়ী সেনেটর জন ওসফ?

jon-ossoff-presidential-buzz-grows-ahead-of-us-midterm-elections

প্রণব ভট্টাচার্য

মধ্যবর্তী নির্বাচনের পর আমেরিকার রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন ডেমোক্র্যাটিক দলের তরুণ নেতা জন ওসফ (Jon Ossoff)। ২০২১ সালে জর্জিয়া থেকে মার্কিন সেনেটে প্রথমবার নির্বাচিত হওয়ার পর তাঁকে রাজনৈতিক মহলের একাংশ ‘অ্যাকসিডেন্টাল সেনেটর’ বলে অভিহিত করেছিলেন। মাত্র ৩৩ বছর বয়সে অত্যন্ত সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। কিন্তু পাঁচ বছর পর সেই জর্জিয়াতেই ফের (US Midterm Elections) জয় ছিনিয়ে নিয়ে নিজের রাজনৈতিক দক্ষতার প্রমাণ দিলেন ৩৯ বছর বয়সি এই নেতা। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্য থেকেই জয় পেয়েছিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। সেই রাজ্যে ওসফের এই জয় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থিপদ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রায়ই তুলনা করা হয় ওসফের। তাঁর বাগ্মিতা, ব্যক্তিত্ব, প্রচারের ধরন এবং রাজনৈতিক বক্তব্যের মধ্যে ওবামার ছায়া দেখতে পান অনেকেই। মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়ায় তাঁর উল্লেখযোগ্য জয় ডেমোক্র্যাটিক দলের অন্যতম সম্ভাবনাময় মুখ হিসেবে তাঁকে আরও প্রতিষ্ঠিত করেছে। এই নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে ফিরে এসেছে।

তবে ওসফের এই জয় মোটেই সহজ ছিল না। এবারের নির্বাচনে পুনর্নির্বাচনের লড়াইয়ে নামা ডেমোক্র্যাট সেনেটরদের মধ্যে তাঁকেই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকা প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কারণ, ট্রাম্পের জয়ের রাজ্যে সেনেটের আসন ধরে রাখার লড়াইয়ে একমাত্র ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন তিনি। সেনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ক্ষেত্রে জর্জিয়ার এই আসনটি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন পেয়ে সেই লক্ষ্য পূরণ করেন ওসফ।

ট্রাম্পবিরোধী আক্রমণাত্মক প্রচারেই বাজিমাত (Jon Ossoff)

নির্বাচনী প্রচারে ট্রাম্পের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান নিয়েছিলেন ওসফ। মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে বিপন্ন করার অভিযোগও করেন তিনি।

প্রচারের সময় ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠদের ‘এপস্টিন শ্রেণি’ এবং ‘মার-আ-লাগোর মাফিয়া’ বলে আক্রমণ করেছিলেন ওসফ। তাঁর এই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়ে পড়ে। তৈরি হয় একাধিক ব্যঙ্গচিত্র ও আলোচনা।

‘দ্য আটলান্টিক’ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, মাত্র ৩৯ বছর বয়সেই রিপাবলিকান নেতাদের অস্বস্তিতে ফেলার কৌশল আয়ত্ত করে ফেলেছেন ওসফ। অথচ নিজের বক্তব্যের সময় তিনি সাধারণত সংযত ও আত্মবিশ্বাসী থাকেন।

বুধবার রাতে নির্বাচনে জয়ের পরেও ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টকে ব্যর্থ ও ক্ষমতার শেষ পর্যায়ে থাকা নেতা বলে কটাক্ষ করে ওসফ বলেন, “আমেরিকার মানুষ এই অদ্ভুত রিপাবলিকান নেতার নৈতিক অধঃপতন, দুর্নীতি এবং অযোগ্যতার বিরুদ্ধে নিজেদের রায় দিয়েছেন।”

আটলান্টায় নিজের বিজয়োৎসবের অনুষ্ঠানে তিনি আরও বলেন, “গত দু’বছরে আমরা আবারও বুঝিয়ে দিয়েছি, আমাদের দায়িত্ব শুধু একজন প্রেসিডেন্টের অনৈতিক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা নয়, বরং তার নীচে জমে থাকা ভাঙনকেও (Jon Ossoff) সারিয়ে তোলা।”

হলোকাস্টের স্মৃতি জড়িয়ে রয়েছে পারিবারিক ইতিহাসে

১৯৮৭ সালের ১৬ ফেব্রুয়ারি জর্জিয়ার আটলান্টায় ইহুদি পরিবারে জন্ম জনাথন ওসফের। তাঁর বাবা রুশ ও লিথুয়ানীয় ইহুদি বংশোদ্ভূত, মা অস্ট্রেলিয়ার বাসিন্দা।

ওসফের পারিবারিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ইউরোপের ইহুদিদের উপর নির্যাতনের ভয়াবহ স্মৃতি। তাঁর পিতৃকুলের পূর্বপুরুষেরা পূর্ব ইউরোপে ইহুদিদের উপর সংঘটিত গণহিংসা থেকে পালিয়ে বেঁচেছিলেন। ছোটবেলা থেকেই হলোকাস্টের ভয়াবহতা থেকে বেঁচে ফেরা আত্মীয়দের সান্নিধ্যে বড় হয়েছেন তিনি। বিভিন্ন সময়ে নিজের বক্তব্যে সেই অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়েছিল অল্প বয়সেই। মাত্র ১৭ বছর বয়সে নাগরিক অধিকার আন্দোলনের নেতা এবং জর্জিয়ার কংগ্রেস সদস্য জন লুইসের আত্মজীবনী পড়ে অনুপ্রাণিত হন তিনি। এরপর লুইসকে চিঠি লিখে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ চান।

লুইস সেই আবেদনে সাড়া দিয়ে তাঁকে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ দেন। পরবর্তী সময়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওসফের রাজনৈতিক জীবনে জন লুইস গুরুত্বপূর্ণ পরামর্শদাতা হয়ে (US Midterm Elections) ওঠেন।

উল্লেখযোগ্য বিষয় হল, বারাক ওবামার রাজনৈতিক উত্থানের ক্ষেত্রেও জন লুইসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ষাটের দশকের নাগরিক অধিকার আন্দোলনে লুইসের নেতৃত্ব তরুণ ওবামাকে সমাজকর্মী হিসেবে কাজ করতে অনুপ্রাণিত করেছিল। পরবর্তী সময়ে সেই ওবামাই আমেরিকার প্রেসিডেন্ট হন।

সাংবাদিকতা থেকে রাজনীতির ময়দানে

২০০৯ সালে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর লন্ডন স্কুল অব ইকনমিকসে স্নাতকোত্তর পড়াশোনা করেন ওসফ। এর আগে জর্জিয়ার কংগ্রেস সদস্য হ্যাঙ্ক জনসনের দফতরেও কিছুদিন কাজ করেছিলেন। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা নীতি সংক্রান্ত বিষয়ে দায়িত্ব সামলান তিনি।

এরপর কিছু সময় সাংবাদিকতা এবং তথ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন ওসফ। ২০১৩ সালে লন্ডনভিত্তিক অনুসন্ধানমূলক চলচ্চিত্র নির্মাণ সংস্থা ইনসাইট টিডব্লিউআই-এর প্রধান নির্বাহী হন তিনি। সংস্থাটি মূলত দুর্নীতি, যুদ্ধাপরাধ এবং মানবপাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্যচিত্র তৈরি করত।

২০১৭ সালে পূর্ণ সময়ের জন্য রাজনীতিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে সেই সংস্থা ছেড়ে দেন ওসফ। তবে রাজনীতিতে তাঁর প্রথম নির্বাচনী লড়াই সফল হয়নি। জর্জিয়ার ষষ্ঠ কংগ্রেসনাল জেলার বিশেষ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কারেন হ্যান্ডেলের কাছে পরাজিত হন তিনি।

কিন্তু সেই পরাজয় তাঁকে দমিয়ে রাখতে পারেনি। ২০২১ সালে ফের নির্বাচনী লড়াইয়ে নামেন। এবার জর্জিয়া থেকে সেনেটর নির্বাচিত হয়ে চমকে দেন। মার্কিন সেনেটে দায়িত্ব পাওয়া প্রথম সহস্রাব্দ প্রজন্মের প্রতিনিধি এবং ১৯৭৩ সালের পর নির্বাচিত সর্বকনিষ্ঠ সেনেটর হন ওসফ (Jon Ossoff)।

ওবামার সঙ্গে মিল কোথায়?

ওসফের জনপ্রিয়তার অন্যতম কারণ তাঁর বক্তৃতার ধরন এবং জনসংযোগের কৌশল। রাজনৈতিক ভাষ্যকারদের মতে, ওবামার মতোই সহজ অথচ প্রভাবশালী ভাষায় সাধারণ মানুষের কাছে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন তিনি।

বিভিন্ন নির্বাচনী সভায় তাঁকে প্রায়ই জামার হাতা গুটিয়ে বক্তৃতা দিতে দেখা যায়। ওবামার নির্বাচনী প্রচারের সময়ও এমন পোশাকের ধরন বিশেষভাবে নজর কেড়েছিল।

আমেরিকার সাংবাদিক ও ভাষ্যকার এজরা ক্লেইন এক নিবন্ধে লিখেছেন, “ওসফের কথা বলার ধরন এবং নিজেকে জনসমক্ষে উপস্থাপনের ভঙ্গিতে ওবামার সঙ্গে দৃশ্যগত মিল রয়েছে।”

সাধারণ ভোটারদের মধ্যেও এই তুলনা যথেষ্ট জনপ্রিয়। নির্বাচনের আগে জর্জিয়ার ভোটার প্যাট্রিক গারভার সংবাদমাধ্যমকে বলেছিলেন, “২০ বছর আগে ওবামাকে দেখে যে অনুভূতি হয়েছিল, ওসফকেও দেখে আমার একই রকম মনে হচ্ছে।”

প্রাক্তন প্রেসিডেন্ট ওবামাও মধ্যবর্তী নির্বাচনের আগে এক প্রচারসভায় ওসফের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, “বিবেকবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে একটিই সঠিক পছন্দ রয়েছে, তিনি জন ওসফ। কারণ, তিনি তাঁর এবং আমার পরামর্শদাতা জন লুইসের কাছ থেকে শিখেছেন, কীভাবে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তনের জন্য আন্দোলন গড়ে তুলতে হয়।”

তবে হোয়াইট হাউসের তরফে এই তুলনাকে কটাক্ষও করা হয়েছে। গত অগাস্টে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল ওসফকে ওবামার অনুকরণকারী বলে বিদ্রূপ করেন। ট্রাম্পের সহযোগী ন্যাটালি হার্পকে নিয়ে ওসফের একটি বিতর্কিত মন্তব্যের পর এই আক্রমণ করা হয়েছিল। ওসফ বলেছিলেন, “প্রেসিডেন্ট শুধু নিজের বলরুম তৈরি করতে এবং ন্যাটালির সঙ্গে ভ্রমণ করতেই আগ্রহী।” এই ঘটনা থেকেই স্পষ্ট, রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে শব্দচয়নে খুব একটা রাখঢাক করেন না ওসফ (Jon Ossoff)।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কি মুখ হতে পারেন ওসফ?

জর্জিয়ায় ওসফের এই জয় আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বয়স, ব্যক্তিত্ব, বক্তৃতার দক্ষতা এবং নির্বাচনী সাফল্য—সব মিলিয়ে ডেমোক্র্যাটিক দলের ভবিষ্যৎ নেতৃত্বের (US Midterm Elections) অন্যতম সম্ভাবনাময় মুখ হয়ে উঠেছেন তিনি।

তবে এর আগে একাধিকবার প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন ওসফ। ফলে ২০২৮ সালে তিনি আদৌ প্রার্থীপদ গ্রহণ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

তবে একটা বিষয় পরিষ্কার, ডেমোক্র্যাটিক দলের অন্দরে তাঁর গুরুত্ব ক্রমশ বাড়ছে। আমেরিকার রাজনীতিতে যখন প্রবীণ নেতাদের আধিপত্য নিয়ে আলোচনা চলছে, তখন ওসফের মতো অপেক্ষাকৃত তরুণ নেতার উত্থান নতুন প্রজন্মের কাছে আশার প্রতীক হয়ে উঠতে পারে।

২০০৯ সালে ৪৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ বছর বয়সি জর্জ ডব্লিউ বুশের বিরুদ্ধে রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিয়েছিলেন ওবামা। সেই সময় ওবামাকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ওসফের ক্ষেত্রেও তেমনই সম্ভাবনা দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। শেষ পর্যন্ত (Jon Ossoff) ২০২৮ সালের নির্বাচনে তিনি লড়াইয়ে নামেন কি না, এখন সেটাই দেখার।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share