GS Pannun Failed Murder Plot: পান্নুনকে খুনের ষড়যন্ত্র! নিখিল গুপ্তাকে ১৯ বছরের কারাদণ্ড মার্কিন আদালতের

gs pannun failed murder plot nikhil gupta is in prisoned for 19 years by new york federal court

মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে (GS Pannun Failed Murder Plot) হত্যার ষড়যন্ত্র! এই মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ২৩৫ মাসের কারাদণ্ড দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার ঘোষিত এই সাজা অনুযায়ী, তাঁকে ১৯ বছরেরও বেশি সময় জেলে কাটাতে হবে। আমেরিকার নিউ ইয়র্ক শহরে পান্নুনকে সুপারি দিয়ে খুনের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিখিল গুপ্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। পান্নুন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক। ভারত সরকার তাঁকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে।

নিখিলের বিরুদ্ধে কী কী অভিযোগ

মামলার তদন্তে উঠে আসে, পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনা করেছিলেন নিখিল। মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (DEA) গোপন অভিযানের জেরে সেই পরিকল্পনা ভেস্তে যায়। তদন্তকারীদের দাবি, এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গতিবিধির উপর নজরদারি চালিয়ে গোটা পরিকল্পনাটি সামনে আনা হয়। এর আগে নিখিল নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছিলেন। মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়, তাঁর বিরুদ্ধে থাকা তিনটি অভিযোগই তিনি মেনে নিয়েছেন। সেই অভিযোগগুলির মধ্যে ছিল ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্র, হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্র। এই মামলায় মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলতি বছরের গোড়ায় এফবিআই-এর নিউ ইয়র্ক শাখা সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছিল, তাদের তদন্ত এবং নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিসের পদক্ষেপের পর নিখিল গুপ্তা নিউ ইয়র্কে এক মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন।

ভারত সরকারের অবস্থান কী ছিল

এই ঘটনায় ভারতীয় সরকারি আধিকারিকের সম্ভাব্য যোগসাজশের অভিযোগ সামনে আসার পর ২০২৪ সালে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন, মার্কিন বিদেশ দফতরের তরফে ভারতকে জানানো হয়েছে যে, মার্কিন বিচার বিভাগের চার্জশিটে উল্লেখিত সংশ্লিষ্ট ব্যক্তি আর ভারত সরকারের কর্মচারী নন। মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, চার্জশিটে সিসি-১ নামে চিহ্নিত এক ভারতীয় সরকারি কর্মচারী নিখিল গুপ্তাকে পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের কাজে যুক্ত করেছিলেন। তদন্তকারীদের দাবি, ওই সরকারি কর্মচারীর সঙ্গে নিখিল গুপ্তার যোগাযোগ ছিল এবং আরও কয়েকজনের সহযোগিতায় এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে এই ষড়যন্ত্র মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তৎপরতায় ব্যর্থ হয়। শুক্রবার নিখিল গুপ্তার ২৩৫ মাসের কারাদণ্ড ঘোষণার মধ্য দিয়ে পান্নুন হত্যা-ষড়যন্ত্র মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সংযোজন হল।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share