তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল
জীবন যাপনের ধরন বদলের সঙ্গে শক্তি বাড়াচ্ছে একাধিক রোগ। সুস্থ জীবন যাপনে এবং রোগের দাপট কমাতে সাহায্য করতে পারে বাঙালির অতি পরিচিত মশলা। তেমনি একটি মশলা হলো কালোজিরা। একাধিক রোগের প্রকোপ কমাতে সাহায্য করে কালোজিরা। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, রান্নায় নিয়মিত কালোজিরা ব্যবহার করলে নানান অসুখের ঝুঁকি কমবে!
কালোজিরা খেলে কী উপকার পাওয়া যায়?
রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে!
বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, কালোজিরায় থাইমোকুইনোন নামে এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদান রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে বিশেষ সাহায্য করে। তাঁরা জানাচ্ছেন, শিশু থেকে বয়স্ক, সর্দি-কাশিতে সকলেই ভুক্তভোগী। বিশেষত ঋতু পরিবর্তনের সময় অনেকেই জ্বর-সর্দি-কাশিতে ভোগেন। কালোজিরা খেলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। ফলে এই ধরনের বছরভর ভোগান্তি কমে।
হজম শক্তি বাড়াতে সাহায্য করে!
কালোজিরা অন্ত্র এবং পাকস্থলীর জন্য বিশেষ উপকারি। তাই এই মশলা রান্নায় ব্যবহার করলে হজম ভালো হয়। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, বয়স বাড়লে অনেকেই হজমের সমস্যায় ভোগেন। লাগাতার হজমের সমস্যা গ্যাস্ট্রিকের মতো জটিল রোগ তৈরি করে। তাই বয়স বাড়লে রান্নায় নিয়মিত কালোজিরা ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এতে হজম শক্তি বাড়ে। বদহজমের ভোগান্তি কমে।
খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়!
নিয়মিত কালোজিরা খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা সহজেই নিয়ন্ত্রিত হয়। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, হৃদরোগের ঝুঁকি বাড়ায় খারাপ কোলেস্টেরল (LDL)। কালোজিরা এই খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে বিশেষ সাহায্য করে। তাই হৃদরোগের ঝুঁকিও কমে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে!
বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, রক্তে অতিরিক্ত শর্করা এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্কুল পড়ুয়া থেকে প্রৌঢ়, সব বয়সেই দাপট বাড়াচ্ছে ডায়াবেটিস। এই সমস্যায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিয়মিত কালোজিরা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। কিডনি ভালো থাকে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে!
স্কুল বয়স থেকেই অতিরিক্ত ওজন এখন দুশ্চিন্তা বাড়াচ্ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভাস এই অতিরিক্ত ওজনের নেপথ্যে রয়েছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, একাধিক রোগের কারণ শরীরের বাড়তি ওজন। কালোজিরা এই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত কালোজিরা খেলে হজম ঠিক মতো হয়। শরীরে অতিরিক্ত মেদ জমে না। তাই ওজন নিয়ন্ত্রণে থাকে।
কোন ছয় রোগকে কাবু করতে সাহায্য করে কালোজিরা?
বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অস্বাস্থ্যকর জীবন যাপনের জন্য কম বয়স থেকেই নানান রোগের দাপট বাড়ছে। শিশু ও বয়স্কদের মধ্যে যেমন হাঁপানির সমস্যা বাড়ছে, তেমনি স্কুল পড়ুয়ারাও ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে। বয়স কুড়ির চৌকাঠ পেরনোর পরেই উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সমস্যা দেখা দিচ্ছে। তবে, কালোজিরার মতো ঘরোয়া উপাদানেও একাধিক রোগের প্রকোপ কমানো সম্ভব।
- বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, ডায়াবেটিস রুখতে কালোজিরা বিশেষ সাহায্য করে। কারণ কালোজিরা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
- হাঁপানির ঝুঁকি কমায় কালোজিরা। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, কালোজিরা রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। ফুসফুস এবং শ্বাসনালীর সংক্রামণের ঝুঁকিও কমায়। তাই কালোজিরা নিয়মিত খেলে সর্দি-কাশির ভোগান্তি কমার পাশাপাশি হাঁপানির ঝুঁকিও কমে। অর্থাৎ সর্দি-কাশির ভোগান্তি কমাতে এবং হাঁপানির ঝুঁকি এড়াতে কালোজিরা বিশেষ সাহায্য করে।
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে কালোজিরা বিশেষ সাহায্য করে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, কালোজিরা নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদপিণ্ডের কার্যক্ষমতাও স্বাভাবিক থাকে।
- এছাড়াও ত্বকের জন্য কালোজিরা বিশেষ উপকারি। দূষণ ও একাধিক অন্যান্য কারণের জন্য ত্বকের সমস্যা বাড়ছে। বিশেষত কম বয়সিদের ব্রণ সহ একাধিক ত্বকের সমস্যা দেখা দিচ্ছে। কালোজিরা খেলে এই ধরনের সমস্যা কমানো যায়।
কীভাবে কালোজিরা খেলে বাড়তি উপকার পাওয়া যাবে?
বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, যেকোনও ভাবেই কালোজিরা খেলে শরীরে উপকার হয়—
- সকালে গরম জলের সঙ্গে এক চামচ কালোজিরা মিশিয়ে খেলে দ্রুত উপকার পাওয়া যায়। মধুর সঙ্গে কালোজিরার গুঁড়ো মিশিয়ে খেলেও উপকার হয়।
- তবে, ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ থাকলে, চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেলে, এই ধরনের উপকরণ খাওয়ায় আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। না হলে, দ্রুত রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে আবার রক্তচাপও কমে যেতে পারে। এর ফলে মাথা ঘোরা, বমির মতো উপসর্গ দেখা দিতে পারে।
- আবার, রান্নার মশলা হিসাবে কালোজিরা ব্যবহার করা যেতে পারে। যে কোনও তরকারি, মাছের ঝোলে উপকরণ হিসাবে কালোজিরা ব্যবহার করলেও শরীরে ইতিবাচক প্রভাব পড়ে।
- চুল ও ত্বকের সমস্যায় উপকার পেতে কালোজিরার তেল ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, গরম তেলে কালোজিরা মিশিয়ে, সেটা চুল কিংবা ত্বকে ব্যবহার করলে ব্রণ কমে, চুল পড়ার ঝুঁকিও কমে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Leave a Reply