মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি হাসপাতালের (Govt Hospital) পরিকাঠামোকে ঢেলে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর আশা, বেসরকারি হাসপাতালের মতো পরিষেবার বন্দোবস্ত করতে হবে রাজ্যের সরকারি হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও (Sharadwat Mukherjee) তাই সচেষ্ট। সেই লক্ষ্যে প্রথমেই তিনি সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতাতে জোর দিলেন। হাসপাতাল চত্বর ও তার ভিতরের অংশের পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে পুরসভা এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ রক্ষায় জোর
শুক্রবার স্বাস্থ্য ভবনে বৈঠকে এই বিষয়ে আলোচনা করে তিনি জানান, হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ রক্ষার দায়িত্ব যেমন হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য দফতরের ওপর বর্তায়, তেমনই হাসপাতাল চত্বর বা বাইরের ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিকাশি ব্যবস্থার দায়িত্ব স্থানীয় পুরসভা বা লোকাল বডির। বৈঠকের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোনও সরকারি হাসপাতালে ঢুকে রাস্তায় নোংরা দেখলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন হাসপাতাল চত্বর পুরসভা দেখবে। কিন্তু প্রশাসনিক কাঠামোগত নিয়মে রাস্তাঘাট লোকাল বডির অধীনস্থ হওয়ায় পুরসভা এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মেলবন্ধন থাকা অত্যন্ত জরুরি। কোথাও যেন কোনও ফাঁক না থাকে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।
কোন কোন হাসপাতালে বিশেষ নজর
যে সমস্ত হাসপাতালে রোগীর চাপ বা ভিড় অত্যন্ত বেশি, সেই হাসপাতালগুলোতে সাফাইয়ের কাজ আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস, আরজি কর কিংবা বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের মতো বড় মেডিক্যাল কলেজগুলোতে বর্তমানে পুরসভা বা মিউনিসিপ্যালিটি থেকে দিনে একবার জঞ্জাল বা বর্জ্য পদার্থ সংগ্রহ করা হলেও, তা বাড়িয়ে দিনে অন্তত দু’বার করার কথা বলা হয়েছে। পাশাপাশি, হাসপাতালের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা বজায় রাখার মূল দায়িত্ব নন-মেডিক্যাল সুপারিনটেনডেন্টদের ওপর রয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরিচ্ছন্নতা অভিযানকে সুদৃঢ় করা, পরিকল্পনা মাফিক তা পরিচালনা করা এবং নির্দিষ্ট ফল প্রাপ্তির লক্ষ্যেই এদিনের ওই বৈঠকে সাফাইকর্মী থেকে শুরু করে অধ্যক্ষ এবং নার্সিং স্টাফ—সকলকেই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান মন্ত্রী।

Leave a Reply