Laxmi Puja 2026: বিভিন্ন পঞ্জিকায় তিথির পার্থক্য! জেনে নিন ২৫ অক্টোবর কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপুজোর শুভ সময় কখন?

laxmi puja 2026 know the timing and details of kojagari purnima

মাধ্যম নিউজ ডেস্ক: উমা বিদায়ের পরই বাঙালির ঘরে ঘরে চলে মা লক্ষ্মীকে বরণ করার প্রস্তুতি। ২০২৬ সালে কোজাগরী লক্ষ্মীপুজো নিয়ে অনেকের মনেই প্রশ্ন, পুজো ২৫ অক্টোবর হবে, নাকি ২৬ অক্টোবর? পঞ্জিকা অনুযায়ী, ২৫ অক্টোবর, রবিবার সন্ধ্যাতেই লক্ষ্মীপুজো করা হবে। কারণ, পূর্ণিমা তিথি ২৫ অক্টোবর সকালেই শুরু হচ্ছে এবং রাতেও থাকছে। ২৬ অক্টোবর সকালে তিথি শেষ হয়ে যাবে। তাই কোজাগরী পূর্ণিমার রাতেই দেবী লক্ষ্মীর আরাধনার আয়োজন করতে পারেন ভক্তরা। তবে বিভিন্ন পঞ্জিকায় তিথি শুরুর সময়ে কিছু পার্থক্য রয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সকাল ১১টা ৫৮ মিনিটে এবং শেষ হচ্ছে পরের দিন সকাল ৯টা ৪২ মিনিটে। অন্যদিকে, গুপ্ত প্রেস পঞ্জিকায় তিথি শুরুর সময় সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ড।

এসো মা লক্ষ্মী, বসো ঘরে

দুর্গাপুজো শেষ হওয়ার পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দু পরিবারে কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হয়। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আর্থিক উন্নতির কামনায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। ‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো?’ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে পরিভ্রমণ করেন এবং যাঁরা রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁদের আশীর্বাদ করেন। সেই বিশ্বাস থেকেই কোজাগরী পূর্ণিমায় রাত জেগে পুজো করার রীতি প্রচলিত রয়েছে। কথিত রয়েছে, এই পূর্ণিমার রাতে নাকি দেবী লক্ষ্মী জগৎ পরিক্রমায় বেরন। তিনি দেখেন কেউ সারারাত জেগে আছেন কিনা। অনেকে এ-ও বলে থাকেন, ওইদিন রাতে যে ব্যক্তি জেগে থাকেন তাঁকে মা লক্ষ্মী ধনসম্পত্তি দান করেন।

কোজাগরী লক্ষ্মীপুজো পালনের রীতি

প্রথমে পুজোর স্থান পরিষ্কার করে লক্ষ্মীর আসন সাজিয়ে নিন। বাংলায় বাড়ির প্রবেশপথে চালের গুঁড়ি দিয়ে আলপনা ও লক্ষ্মীর পায়ের ছাপ আঁকার রীতি রয়েছে। ফুল, ফল, মিষ্টি, নারকেল, চিঁড়ে, খই ও অন্যান্য নৈবেদ্য দিয়ে পুজোর আয়োজন করতে পারেন। পরিবারের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করুন। রাত জেগে পুজো করার রীতি থাকলেও নিজের পারিবারিক প্রথা ও পুরোহিতের পরামর্শ মেনে চলুন। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন বাংলার প্রতিটি ঘর মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনিতে। কোজাগরী লক্ষ্মীপুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে কৃষি সমাজ। এই পুজো হয় মূলত প্রতিমা, সরা, নবপত্রিকা কিংবা থোড়ের তৈরি নৌকোয়। লক্ষ্মীর সরাও হয় নানারকমের। যেমন – ঢাকাই সরা, ফরিদপুরি, সুরেশ্বরী এবং শান্তিপুরী সরা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share