PM Modi Gifts Melody: ‘মেলোডি খাও, খুদ জান যাও’ এবার বিশ্বমঞ্চে! মোদির উপহারে ভাইরাল টফি ব্র্যান্ড, কী বললেন ভারতীয় সংস্থার কর্তা?

pm modi gifts melody to meloni parley said they were completely surprised

মাধ্যম নিউজ ডেস্ক: ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দেয়া নেয়া নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে তৈরি হয়েছে এক মিষ্টি মুহূর্ত। আর সেই ঘটনাতেই কার্যত আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারতের জনপ্রিয় টফি ব্র্যান্ড ‘মেলোডি’। ‘মোদি’ ও ‘মেলোনি’-র নাম মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বহুল ব্যবহৃত ‘মেলোডি’ ডাকনামের সঙ্গেই যেন বাস্তবের এই উপহারকে জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অপ্রত্যাশিত প্রচারে রীতিমতো উচ্ছ্বসিত পার্লে প্রোডাক্টস। সংস্থার ভাইস প্রেসিডেন্ট ময়াঙ্ক শাহ জানিয়েছেন, এই উপহার দেওয়ার বিষয়ে তাদের আগে কোনও ধারণাই ছিল না। তিনি বলেন, “আমরা সম্পূর্ণ অবাক, তবে ভীষণভাবে আনন্দিত। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হবে, কারণ তিনি এই ব্র্যান্ডকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।”

‘মেলোডি’-র চাহিদা বেড়েছে

ঘটনার পর থেকেই অনলাইন প্ল্যাটফর্ম ও কুইক কমার্স অ্যাপে ‘মেলোডি’-র চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানিয়েছেন শাহ। তাঁর কথায়, “সকাল থেকেই বিপুল ট্র্যাকশন দেখা যাচ্ছে। আগামী দিনে এই বৃদ্ধির গতি আরও বাড়বে বলেই আমরা আশা করছি।” পার্লের দাবি, ‘মেলোডি’ ইতিমধ্যেই ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া টফি ব্র্যান্ড। আন্তর্জাতিক স্তরে এই প্রচারের ফলে শুধু ভারত নয়, বিদেশের বাজারেও বিক্রি বাড়বে বলে আশাবাদী সংস্থা। বর্তমানে বিশ্বের ২০০-রও বেশি দেশে রফতানি করা হয় ‘মেলোডি’। ময়াঙ্ক শাহ জানান, এই মুহূর্তকে কাজে লাগিয়ে বিদেশের বাজারে আরও বড় আকারে প্রবেশের পরিকল্পনাও করা হতে পারে। এমনকি বিভিন্ন দেশে স্থানীয় উৎপাদন শুরু করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

পার্লের জন্য বিশ্বজোড়া প্রচার

চাহিদা বাড়লেও আপাতত দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়েছেন পার্লে কর্তা। তাঁর কথায়, “দাম বাড়ানোর কথা ভাবছি না। তবে চাহিদা যে হু হু করে বাড়ছে, তা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে।” পণ্যের স্বাদ বা পরিচয়ে বড় কোনও বদলের ইঙ্গিতও দেয়নি সংস্থা। শাহ বলেন, “মেলোডি মানেই চকলেটি স্বাদ। এটা একটি ক্লাসিক ব্র্যান্ড, আমরা সেটাকেই বজায় রাখতে চাই।” সঙ্গে হাসতে হাসতেই তিনি স্মরণ করিয়ে দেন জনপ্রিয় ট্যাগলাইন— “মেলোডি খাও, খুদ জান যাও।” স্টক মার্কেটে তালিকাভুক্তি নিয়ে দীর্ঘদিনের জল্পনাও উড়িয়ে দিয়েছেন মায়াঙ্ক। জানিয়েছেন, এই মুহূর্তে পার্লে প্রোডাক্টসের আইপিও আনার কোনও পরিকল্পনা নেই। একটি সাধারণ টফি যে আন্তর্জাতিক কূটনীতির আলোচনায় জায়গা করে নিতে পারে, তা হয়তো ভাবেনি কেউই। তবে প্রধানমন্ত্রী মোদির এই ‘মিষ্টি কূটনীতি’ এখন পার্লের জন্য এনে দিয়েছে বিশ্বজোড়া প্রচারের নতুন সুযোগ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share