মাধ্যম নিউজ ডেস্ক: নিজের হোয়াটসঅ্যাপ (WhatsApp Web) অ্যাকাউন্ট কি অফিসের কম্পিউটার বা অন্য কোনও শেয়ারড ডিভাইসে ব্যবহার করেন? কাজ শেষ হওয়ার পর শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করেই নিশ্চিন্ত হয়ে যান? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। হোয়াটসঅ্যাপ ওয়েব-এর সক্রিয় সেশন ব্যবহার করে সাইবার অপরাধীরা আপনার ব্যক্তিগত কথোপকথনে প্রবেশ করতে পারে। এমনকী আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে পরিচিতদের সঙ্গে প্রতারণাও করতে পারে তারা। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C)-এর ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট এই বিষয়ে সতর্ক করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, অফিসের কম্পিউটার, পাবলিক কম্পিউটার (WhatsApp in Public Computer) কিংবা অন্যের ব্যবহারযোগ্য কোনও ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ ইন করে রেখে দিলে ব্যক্তিগত তথ্য অননুমোদিত ব্যক্তির হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে।
কী কী বিপদ হতে পারে?
ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার-এর সতর্কবার্তা অনুযায়ী, কোনও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব-এর সক্রিয় সেশন চালু থাকলে অন্য কেউ সহজেই আপনার মেসেজ, কন্ট্যাক্ট লিস্ট এবং বিভিন্ন গ্রুপের কথোপকথন দেখতে পারে। শুধু তাই নয়, আপনার পরিচয় ব্যবহার করে অন্যদের মেসেজ পাঠানোও সম্ভব। আপনার পরিচিতদের কাছে আপনার নামেই প্রতারণামূলক লিঙ্ক বা ভুয়ো আর্থিক সাহায্যের আবেদন পাঠাতে পারে সাইবার অপরাধীরা। এর ফলে ফিশিং, আর্থিক প্রতারণা এবং অ্যাকাউন্ট হাইজ্যাকের মতো ঘটনা ঘটতে পারে।
শুধু ব্রাউজার বন্ধ করলেই কি লগ আউট হয়?
এই বিষয়টিতেই সবচেয়ে বেশি সতর্ক করেছে কেন্দ্রীয় সংস্থা। অনেকেই মনে করেন, হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর ব্রাউজারের ট্যাব বা উইন্ডো বন্ধ করে দিলেই অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। কিন্তু বাস্তবে তা নয়। ব্রাউজার বন্ধ করলেও হোয়াটসঅ্যাপ ওয়েব -এর অথেন্টিকেটেড সেশন সক্রিয় থেকে যেতে পারে। ফলে পরবর্তী সময়ে ওই কম্পিউটার ব্যবহারকারী অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারেন। তাই প্রতিবার হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করার পর অবশ্যই নিজে হাতে লগ আউট করার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
কোন কোন জায়গায় হোয়াটসঅ্যাপ ওয়েব এড়িয়ে চলবেন?
সাইবার ক্যাফে, হোটেলের বিজনেস সেন্টার, পাবলিক কিয়স্ক, অফিসের শেয়ারড কম্পিউটার কিংবা অন্যের ধার দেওয়া ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন হলে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ওয়েব -এর মাধ্যমে সরকারি, সাংগঠনিক, আর্থিক, গোপনীয় বা অন্য কোনও সংবেদনশীল তথ্য আদানপ্রদান না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
কীভাবে সুরক্ষিত রাখবেন নিজের অ্যাকাউন্ট?
সাইবার প্রতারণা এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখার পরামর্শ দিয়েছে ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C)।
১. প্রতিবার হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার শেষে অবশ্যই ম্যানুয়ালি লগ আউট করুন।
২. সাইবার ক্যাফে বা অপরিচিত কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৩. নিজের অ্যাকাউন্ট থেকে অজানা বা অপ্রত্যাশিত কোনও মেসেজ পাঠানো হচ্ছে কি না, নজর রাখুন।
৪. পরিচিতদের কাছ থেকে অস্বাভাবিক উত্তর বা অভিযোগ পেলে অ্যাকাউন্টের নিরাপত্তা পরীক্ষা করুন।
৫. স্মার্টফোন, কম্পিউটার, অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সিকিউরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন।
৬. সন্দেহজনক ডাউনলোড, অজানা ফাইল এবং ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার এড়িয়ে চলুন।
সব মিলিয়ে, সামান্য অসতর্কতাই আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সাইবার অপরাধীদের নাগালে পৌঁছে দিতে পারে। তাই অফিস বা পাবলিক কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা।

Leave a Reply