India-UK Trade Deal: ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি মে মাসে কার্যকর হওয়ার সম্ভাবনা, ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ বিকিকিনি

india uk trade deal may come into force in may many fta in pipeline

মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) আগামী মে মাসে কার্যকর হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল। তিনি জানান, গত বছরের জুলাই মাসে স্বাক্ষরিত এই বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (CETA)-র অধীনে ভারতের ৯৯ শতাংশ রফতানি পণ্যে ব্রিটিশ বাজারে (India-UK Trade Deal) শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে। এর বদলে ভারত ব্রিটিশ কিছু পণ্যের উপর, যেমন গাড়ি ও হুইস্কি, শুল্ক কমাবে। আগরওয়াল বলেন, “আমরা আশা করছি মে মাসের মধ্যেই এই চুক্তি কার্যকর হবে। নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি, কারণ যুক্তরাজ্যের পক্ষেও কিছু আলোচনা বাকি রয়েছে।”

চুক্তির ফলে ভারতের লাভ

দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্যচুক্তির ফলে ব্রিটেনের বাজারে ভারতের বেশ কিছু কৃষিজাত এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানির জন্য কোনও শুল্ক লাগবে না। নতুন চুক্তি অনুসারে, হলুদ, গোলমরিচ, এলাচের মতো কৃষিপণ্য এবং আমের শাঁস, আচার, ডালের মতো প্রক্রিয়াজাত খাদ্যপণ্যগুলি ব্রিটিশ বাজারে বিনা শুল্কে প্রবেশ করতে পারবে। পাশাপাশি ভারতীয় মৎস্যজীবীরাও উপকৃত হবেন। ভারতের চিংড়ি, টুনা মাছ-সহ বিভিন্ন সামুদ্রিক খাদ্যপণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে আমদানি করা যাবে। এই চুক্তির ফলে ভারত থেকে রফতানি হওয়া প্রায় ৯৯ শতাংশ পণ্যই ব্রিটেনের বাজারে বিনাশুল্কে প্রবেশ করতে পারবে। ২০৩০ সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হতে পারে। তবে স্থানীয়দের স্বার্থের কথা ভেবে আপেল, চিজ, দুগ্ধজাত পণ্য চুক্তির আওতায় আনেনি ভারত। এগুলি আমদানির ক্ষেত্রে কর ছাড় থাকছে না।

ব্রিটেনের লাভ

অন্য দিকে ব্রিটেন থেকে ভারতে রফতানি করা বিভিন্ন পণ্যের উপর দফায় দফায় শুল্ক কমিয়ে আনা হবে। এতে সবচেয়ে বেশি সুবিধা পাবে ব্রিটেনের খাদ্য এবং পানীয় প্রস্তুতকারী ক্ষেত্র। এর মধ্যে রয়েছে রয়েছে ব্রিটেনের স্কচ হুইস্কি। বর্তমানে ব্রিটেনের স্কচ হুইস্কির উপর ভারতীয় বাজারে ১৫০ শতাংশ হারে শুল্ক নেওয়া হয়। নতুন চুক্তিতে এই শুল্ক প্রথম ধাপে কমিয়ে ৭৫ শতাংশ করা হবে। তার পরে এক দশকের মধ্যে শুল্ক আরও কমিয়ে ৪০ শতাংশ করে দেওয়া হবে।ব্রিটেন থেকে আমদানি করা স্কচ হুইস্কির এবং জিনের পাশাপাশি জাগুয়ার, ল্যান্ডরোভারের মতো গাড়ি, মেডিক্যাল যন্ত্র, প্রসাধনী, চকোলেট, নরম পানীয়ও সস্তা হবে। ব্রিটেন থেকে আমদানি করা বৈদ্যুতিন গাড়ির উপর বর্তমানে ১১০ শতাংশ শুল্ক দিতে হয়। সেটি কমিয়ে ১০ শতাংশ করা হবে নতুন চুক্তিতে। ফলে বৈদ্যুতিন গাড়ির দামও কমতে পারে ভারতে।

ভারতের বাণিজ্য চুক্তি সমূহ

এছাড়াও তিনি জানান, ওমান-এর সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি আগামী ১ জুনের মধ্যে কার্যকর হতে পারে। গত ডিসেম্বরে স্বাক্ষরিত এই চুক্তির ফলে টেক্সটাইল, কৃষিপণ্য ও চামড়াজাত দ্রব্যসহ ভারতের ৯৮ শতাংশ রফতানি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। অন্যদিকে ভারত ওমানের খেজুর, মার্বেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের উপর শুল্ক কমাবে। আগরওয়াল আরও বলেন, নিউজিল্যান্ড-এর সঙ্গে ভারতের এফটিএ আগামী ২৭ এপ্রিল স্বাক্ষরিত হতে পারে। এই চুক্তির লক্ষ্য আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা এবং ভারতীয় পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা। পাশাপাশি, আগামী ১৫ বছরে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ আকৃষ্ট করার সম্ভাবনাও রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন-এর সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি চলতি বছরেই সম্পন্ন করার চেষ্টা চলছে। সরকারের লক্ষ্য, এই চুক্তি আগামী অর্থবছরের শেষের আগেই কার্যকর করা। অন্যদিকে কানাডা-র সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে। মে মাসে পরবর্তী দফার বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান বাণিজ্য সচিব।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share