Sheikh Hasina: পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন হাসিনার, ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার প্রস্তুতি!

sheikh-hasina-seeks-new-passport-and-id-card-for-bangladesh-return

মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়িত করতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বর্তমানে ভারতে থাকা হাসিনা তাঁর পুরনো নথি বাতিল হয়ে যাওয়ার কথা উল্লেখ করে নতুন করে প্রয়োজনীয় পরিচয়পত্র ইস্যু করার আর্জি জানিয়েছেন। সোমবার দিল্লিতে বাংলাদেশের (Bangladesh) দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে তাঁর আইনজীবীরা এই আবেদনপত্র পাঠিয়েছেন।

লন্ডনভিত্তিক আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা হাসিনার হয়ে ওই চিঠি পাঠিয়েছেন। তাঁদের দাবি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই হাসিনার পুরনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর রয়েছে। সেই পরিস্থিতিতে নতুন করে বাংলাদেশের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ করা হয়েছে।

চিঠিতে আইনজীবীরা লিখেছেন, “অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষের তরফে আমাদের মক্কেলের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।”

বাংলাদেশের দূতাবাসের কাছে আর্জি (Sheikh Hasina)

পাশাপাশি, আবেদনটি দ্রুত নিষ্পত্তি করার জন্যও বাংলাদেশের দূতাবাসের কাছে আর্জি জানিয়েছেন আইনজীবীরা। তাঁদের যুক্তি, হাসিনা বাংলাদেশের নাগরিক। আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন সনদের অধীনেও বাংলাদেশের কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেই বিষয়গুলি বিবেচনায় রেখেই দ্রুত নথি ইস্যু করা প্রয়োজন।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে দেশে ফেরার যে ইচ্ছা হাসিনা আগেই প্রকাশ করেছিলেন, তা বাস্তবায়নের পথে এটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রায় দু’বছরেরও বেশি আগে ছাত্র-জনতার আন্দোলন এবং প্রাণঘাতী গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন।

জানা গিয়েছে, বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান হাসিনা। সোমবার তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

গত সপ্তাহেই এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দেশে ফেরার আবেগের কথাও জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, “যদি মৃত্যুই আমার নিয়তি হয়, তা হলে নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মাঝে মরতে চাইব।”

মৃত্যুদণ্ডের সাজা ও আইনি জটিলতা

হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাঁর বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। ছাত্র-জনতার আন্দোলন দমনে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এই সাজা ঘোষণা করা হয়েছিল।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করার পাশাপাশি বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ওই আন্দোলন দমনের সময় কয়েকশো বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উদ্ধৃত রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, অশান্তির ঘটনায় প্রায় ১,৪০০ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে, হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণের জন্য একাধিকবার আবেদন জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা (Sheikh Hasina) হচ্ছে।

হাসিনার প্রত্যাবর্তনে বাড়তে পারে রাজনৈতিক উত্তাপ

হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একসময় বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলির অন্যতম ছিল এই দল। নিষেধাজ্ঞার পর দলের একাধিক নেতা ও কর্মী কারাবন্দি হয়েছেন। অন্যদিকে, অনেকে ভারত-সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।

বিভিন্ন মেয়াদ মিলিয়ে প্রায় ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন হাসিনা। এখনও বাংলাদেশের জনসংখ্যার একটি অংশের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। ফলে তাঁর দেশে ফেরা রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরানোর যে চেষ্টা চলছে (Bangladesh), তাতেও নতুন করে চ্যালেঞ্জ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উপরও হাসিনার প্রত্যাবর্তনের প্রভাব পড়তে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত তাঁকে আশ্রয় দেওয়ায় ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে ইতিমধ্যেই টানাপোড়েন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর দেশে ফেরার উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও তৈরি (Sheikh Hasina) করতে পারে নয়া সমীকরণ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share