India Attacks Pakistan: দেশের খনিজ সম্পদ লুটে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করছে পাক সেনা! রাষ্ট্রসংঘে পাকিস্তানকে আক্রমণ ভারতের

india attacks pakistan at un said pak army chief asim munir prioritises personal gain over public welfare

মাধ্যম নিউজ ডেস্ক: খনিজ সম্পদকে দেশের মানুষের কল্যাণে ব্যবহার না করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ার করছে পাকিস্তানের সেনাবাহিনী (India Attacks Pakistan)। সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে রাষ্ট্রসংঘের (India At UN) মঞ্চে ইসলামাবাদকে তীব্র আক্রমণ করল ভারত। ভারতের অভিযোগ, পাকিস্তানের সামরিক নেতৃত্ব দেশের প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিজেদের আর্থিক ও রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। এমনকী, খনিজ সম্পদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতারও যোগ রয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মঞ্চে সরব হয় ভারত। বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিশেষ বৈঠকে পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পার্বতানেনি হরিশ।

খনিজ সম্পদের বাক্স হাতে আসিম মুনির

লাইবেরিয়ার উদ্যোগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আয়োজিত ‘অ্যারিয়া-ফর্মুলা’ বৈঠকের আলোচ্য বিষয় ছিল প্রাকৃতিক সম্পদ, সংঘাত এবং আন্তর্জাতিক নিরাপত্তার মধ্যে সম্পর্ক। সেই বৈঠকেই পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে সরব হন ভারতের প্রতিনিধি। তাঁর বক্তব্যে বিশেষভাবে উঠে আসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম। পাকিস্তানের সেনাবাহিনীর খনিজ সম্পদ ব্যবসায় জড়িত থাকার অভিযোগের প্রমাণ হিসেবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের একটি ঘটনার উল্লেখ করেন ভারতীয় রাষ্ট্রদূত। ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির। সেই বৈঠকে আসিম মুনিরের হাতে একটি কাঠের বাক্স দেখা গিয়েছিল। বাক্সটির মধ্যে ছিল বিভিন্ন ধরনের খনিজ পাথরের নমুনা। বিদেশি রাষ্ট্রনেতাদের সামনে পাকিস্তানের খনিজ সম্পদ তুলে ধরার সেই ঘটনাকেই পাকিস্তানের সেনাবাহিনীর প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার ইঙ্গিত হিসেবে তুলে ধরেছে ভারত।

হোয়াইট হাউসের ছবি তুলে খোঁচা ভারতের

রাষ্ট্রসংঘের বৈঠকে পার্বতানেনি হরিশ বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের সেনাপ্রধানকে বিদেশি নেতাদের সামনে খনিজ পাথরে ভর্তি একটি কাঠের বাক্স প্রদর্শন করতে দেখা গিয়েছিল। তাঁর মতে, এই ঘটনা থেকেই পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ আহরণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা স্পষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, পাকিস্তানের একটি প্রাদেশিক সরকারের সাম্প্রতিক অপসারণ এবং সেখানে জরুরি অবস্থা জারির পিছনেও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে স্বার্থের সংঘাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তানের সামরিক নেতৃত্বকে আক্রমণ করতে গিয়ে আরও কড়া ভাষা ব্যবহার করেন ভারতের রাষ্ট্রদূত। তাঁর বক্তব্য, পাকিস্তানের সাধারণ মানুষের স্বার্থের কথা না ভেবে সে দেশের সেনাবাহিনী নিজেদের ক্ষমতা ও ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতেই বেশি আগ্রহী।

‘পাকিস্তানের প্রকৃত শাসক সেনাবাহিনী’

পার্বতানেনি হরিশ বলেন, পাকিস্তানের প্রকৃত শাসকরা হলেন সে দেশের সামরিক বাহিনী। দেশের প্রাকৃতিক সম্পদ নিজেদের ব্যক্তিগত ক্ষমতা ও প্রতিপত্তি বাড়ানোর কাজে ব্যবহার না করে যদি সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানো হয়, তাহলে পাকিস্তানের জনগণই বেশি উপকৃত হবেন। তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, পাকিস্তানের রাজনীতি ও প্রশাসনে সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে বহুবার আলোচনা হয়েছে। এবার সরাসরি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সেই বিষয়টিকেই সামনে এনে পাকিস্তানকে আক্রমণ করল ভারত।

সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানকে পাল্টা জবাব

বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি সিন্ধু জলবণ্টন চুক্তি বা ইন্দাস ওয়াটারস ট্রিটি প্রসঙ্গ উত্থাপন করতেই পাল্টা জবাব দেন ভারতের রাষ্ট্রদূত। ভারতের বক্তব্য, এই বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় উত্থাপন করার কোনও পরিকল্পনা তাদের ছিল না। কিন্তু পাকিস্তান আলোচনার মঞ্চকে নিজেদের প্রচার এবং রাজনৈতিক বক্তব্য তুলে ধরার কাজে ব্যবহার করায় ভারতকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। পার্বতানেনি হরিশ বলেন, “এই মঞ্চে অন্য কোনও বিষয় তুলে ধরার ইচ্ছা ভারতের ছিল না। কিন্তু পাকিস্তানের প্রতিনিধি আজকের আলোচনাকে নিজেদের প্রচার চালানোর কাজে ব্যবহার করেছেন। তাই আমাদের জবাব দিতে বাধ্য হতে হয়েছে।” সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট এবং অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারত ইতিমধ্যেই এই বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে।

প্রাকৃতিক সম্পদ পাচার থেকে সন্ত্রাস, সতর্কবার্তা ভারতের

পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি প্রাকৃতিক সম্পদের অবৈধ ব্যবহার এবং আন্তর্জাতিক সংঘাতের মধ্যে সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে ভারত। ভারতের দাবি, অবৈধ খনন, প্রাকৃতিক সম্পদ পাচার এবং সম্পদের উপর বেআইনি নিয়ন্ত্রণ অনেক সময় সশস্ত্র গোষ্ঠীগুলির আর্থিক জোগান বাড়িয়ে দেয়। এর ফলে বিভিন্ন অঞ্চলে সংঘাত দীর্ঘস্থায়ী হয় এবং সাধারণ মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়ে। হরিশের বক্তব্য, কোনও অঞ্চলে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকলে সেই সম্পদের প্রকৃত সুফল স্থানীয় মানুষের কাছে পৌঁছনো প্রয়োজন। খনিজ সম্পদ উত্তোলনের ফলে যে বিপুল অর্থ উপার্জিত হয়, তার একটি অংশ সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার কাজে ব্যবহার করা উচিত। এই প্রসঙ্গে ভারতের খনি ব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, ভারতে খনিজ সম্পদ উত্তোলনের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আর্থিক অবদান রাখতে হয়। অর্থাৎ, খনি থেকে পাওয়া সম্পদের সুফল শুধু ব্যবসায়িক সংস্থার মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থানীয় সমাজের কাছেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সংঘাতমুক্ত খনিজ বাণিজ্যে ‘কিম্বারলি প্রসেস’-এর উদাহরণ

প্রাকৃতিক সম্পদের অবৈধ বাণিজ্য বন্ধ করতে নতুন নতুন আন্তর্জাতিক সংস্থা তৈরির পরিবর্তে আগে থেকে থাকা ব্যবস্থাগুলিকে আরও শক্তিশালী করার পক্ষে সওয়াল করেছে ভারত। এ প্রসঙ্গে ‘কিম্বারলি প্রসেস’-এর কথা উল্লেখ করেন ভারতের প্রতিনিধি। সংঘাতের অর্থায়ন বন্ধ করতে হিরের অবৈধ বাণিজ্য রুখে দেওয়াই এই আন্তর্জাতিক ব্যবস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে বিভিন্ন দেশের সরকার, শিল্পক্ষেত্র এবং নাগরিক সমাজ একসঙ্গে কাজ করে। উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালে কিম্বারলি প্রসেসের সভাপতিত্ব করছে ভারত। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যবস্থাটিকে আরও কার্যকর, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক করে তোলার বিষয়ে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান পার্বতানেনি হরিশ। ভারতের মতে, প্রাকৃতিক সম্পদের বাণিজ্যকে স্বচ্ছ এবং দায়িত্বশীল করে তুলতে হলে আন্তর্জাতিক স্তরে সমন্বয় বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, প্রাকৃতিক সম্পদ যেন কোনওভাবেই সশস্ত্র সংঘাত বা অবৈধ আর্থিক কর্মকাণ্ডের উৎস হয়ে না ওঠে।

নিরাপত্তা পরিষদের ক্ষমতার পরিধি বাড়ানো প্রসঙ্গে

বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করেন পার্বতানেনি হরিশ। তাঁর বক্তব্য, নিরাপত্তা পরিষদের প্রধান দায়িত্ব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। তাই সেই মূল দায়িত্বের উপরই পরিষদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। টেকসই উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বৃহত্তর বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এবং সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক সংস্থা রয়েছে। এই বিষয়গুলির দায়িত্ব সেই সংস্থাগুলির উপরই থাকা উচিত বলে মনে করে ভারত। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে প্রাকৃতিক সম্পদকে টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং দীর্ঘস্থায়ী শান্তির হাতিয়ার হিসেবে গড়ে তোলার বিষয়ে ভারতের আগ্রহের কথাও জানান তিনি।

ভারতের বক্তব্যের মূল সুর

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের বক্তব্যের মূল সুর ছিল স্পষ্ট—প্রাকৃতিক সম্পদ কোনও দেশের সামরিক বা রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত সম্পত্তি নয়। সেই সম্পদের প্রকৃত অধিকার ও সুফল পাওয়া উচিত দেশের সাধারণ মানুষের। পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে আসিম মুনিরকে নিশানা করার মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ইসলামাবাদের উপর নতুন করে চাপ তৈরি করল নয়াদিল্লি।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share