Saurav Das: ‘ককরোচ’ নেতা সৌরভ দাসের নাগরিকত্ব ও পরিচয় নিয়ে তদন্তের আর্জি, মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলায় নোটিস জারি

sourav das is in trouble madras hc issues notice on pil seeking probe into nationality of the leader of cockroach janata party

মাধ্যম নিউজ ডেস্ক: ককরোচ জনতা পার্টি (CJP)-র মুখপাত্র তথা সাংবাদিক সৌরভ দাসের নাগরিকত্ব ও ব্যক্তিগত পরিচয় খতিয়ে দেখার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় নোটিস জারি করল মাদ্রাজ হাইকোর্ট। পাশাপাশি, বিচারব্যবস্থা এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তাঁর কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে সমাজমাধ্যমে সৌরভের এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করারও আবেদন জানানো হয়েছে। শুক্রবার, ৩০ অক্টোবর, প্রধান বিচারপতি এস এ ধর্মাধিকারী এবং বিচারপতি জি অরুল মুরুগনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। কাঞ্চিপুরম জেলার বাসিন্দা গণেশ কুমার এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। গত ২৬ অক্টোবর মামলাটি দায়ের করা হয় এবং ২৮ অক্টোবর তা নথিভুক্ত হয়। আগামী ১১ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

সৌরভ দাসের প্রকৃত পরিচয় নিয়ে তদন্ত

আবেদনকারীর দাবি, সৌরভ দাসের প্রকৃত পরিচয় নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন। মামলায় তাঁকে ‘যোগেশ শর্মা ওরফে সৌরভ দাস’ বলে উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর বাবা-মায়ের পরিচয়-সহ পারিবারিক পটভূমিও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন মামলাকারী। তদন্তে তিনি বিদেশি নাগরিক বলে প্রমাণিত হলে তাঁর পাসপোর্ট এবং আধার কার্ড বাতিলের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়েছে। শুক্রবারের শুনানিতে মামলাকারীর আইনজীবী বি জগন্নাথ, সৌরভ দাসের পরিচয় ও ঠিকানা সংক্রান্ত কয়েকটি নথি আদালতের সামনে পেশ করেন। বিচারপতিরা সেই নথিগুলি খতিয়ে দেখেন এবং তাতে উল্লেখ করা কয়েকটি তথ্য সম্পর্কে ব্যাখ্যা চান বলে জানা গিয়েছে।

বিচারব্যবস্থা সম্পর্কে সৌরভের মন্তব্য নিয়ে প্রশ্ন

এছাড়াও বিচারব্যবস্থা সম্পর্কে সৌরভ দাসের কথিত মন্তব্যের প্রসঙ্গ তোলেন মামলাকারীর আইনজীবী। তাঁর বক্তব্য, বিচারব্যবস্থা সম্পর্কে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে আদালতও প্রশ্ন তোলে। হাইকোর্ট জানতে চায়, আদালতের দ্বারস্থ হওয়ার আগে মামলাকারী সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে কোনও অভিযোগ জানিয়েছিলেন কি না। এর উত্তরে আইনজীবী জানান, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে গণেশ কুমার কেন্দ্রীয় সরকারের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই আবেদনের কোনও জবাব মেলেনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

সোশ্যাল সাইটে সৌরভ দাসের অ্যাকাউন্ট বন্ধের দাবি

সৌরভ দাসের নাগরিকত্ব নিয়ে তদন্তের পাশাপাশি তাঁর নামে পরিচালিত এক্স এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রককে নির্দেশ দেওয়ার আর্জিও জানিয়েছেন মামলাকারী। একই সঙ্গে, বিচারব্যবস্থা ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পর্কে ভবিষ্যতে কোনও অবমাননাকর মন্তব্য করা থেকে তাঁকে বিরত রাখার নির্দেশ চাওয়া হয়েছে। এই মামলায় যাঁদের নোটিস পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট আধিকারিক, ইউআইডিএআই-এর চেয়ারম্যান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, বিদেশসচিব এবং আইন ও বিচার মন্ত্রক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা। অন্যদিকে, এই মামলার প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টির সদস্য আশুতোষ রাঙ্কা আবেদনটির সমালোচনা করেছেন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share