মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র পাঁচ দিনে আমেরিকার একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবায় প্রযুক্তিগত বিপর্যয়। ব্যাঙ্কিং ব্যবস্থা থেকে বিমান পরিষেবা, এমনকী অফিসের দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যার—সব ক্ষেত্রেই দেখা দিয়েছে সমস্যা। জে পি মর্গান চেজ (JPMorgan Chase), ব্যাঙ্ক অফ আমেরিকা (Bank of America), ওয়েলস ফার্গো (Wells Fargo)-সহ একাধিক বড় ব্যাঙ্কের গ্রাহকরা সমস্যায় পড়েছেন। একই সময়ে ইউনাইটেড এয়ারলাইন্স (United Airlines)-এর পরিষেবা ব্যাহত হয়েছে এবং তার আগে মাইক্রোসফট (Microsoft)-এর একাধিক পরিষেবাতেও বড়সড় বিভ্রাট দেখা গিয়েছিল। পরপর এই ঘটনার পিছনে কি কোনও সমন্বিত সাইবার হামলা রয়েছে? নাকি পুরনো প্রযুক্তি ও পরিকাঠামোর দুর্বলতাই এই বিপর্যয়ের কারণ? বিশেষজ্ঞদের বক্তব্য, আপাতত সমন্বিত সাইবার হামলার কোনও প্রমাণ মেলেনি। বরং প্রযুক্তিগত ত্রুটি, টেলিকমিউনিকেশন সমস্যা এবং পুরনো পরিকাঠামোকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্যাঙ্কিং পরিষেবায় বিপর্যয়, সমস্যায় লক্ষ লক্ষ গ্রাহক
গত ১৬ নভেম্বর, সোমবার আমেরিকার একাধিক বড় ব্যাঙ্কের পরিষেবায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। গ্রাহকদের অভিযোগ, অনেকেই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করতে পারছিলেন না। কেউ অ্যাকাউন্টের ব্যালান্স দেখতে সমস্যায় পড়েন, আবার কেউ টাকা ট্রান্সফার কিংবা অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারেননি। এই তালিকায় ছিল জে পি মর্গান চেজ (JPMorgan Chase), ব্যাঙ্ক অফ আমেরিকা (Bank of America), ওয়েলস ফার্গো (Wells Fargo), ইউএস ব্যাঙ্ক (US Bank) ক্যাপিটাল ওয়ান (Capital One) এবং ট্রুয়িস্ট (Truist)-এর মতো প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান। শুধু ব্যাঙ্কিং পরিষেবাই নয়, অনলাইন টাকা লেনদেনের জনপ্রিয় প্ল্যাটফর্ম জেলে (Zelle)-তেও সমস্যা দেখা যায়। সোমবার দুপুর ২টো নাগাদ মার্কিন মুলুকে (আমেরিকার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে অভিযোগের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। পরে অবশ্য ধীরে ধীরে অভিযোগের সংখ্যা কমতে থাকে। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে জে পি মর্গান চেজ (JPMorgan Chase)-এর বিরুদ্ধে। প্রায় ৪,৮০০ জন গ্রাহক পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা জানান।
কোন ব্যাঙ্কে কী ধরনের সমস্যা?
প্রতিটি ব্যাঙ্কের গ্রাহকদের সমস্যার ধরন অবশ্য এক ছিল না। চেজ-এর গ্রাহকরা অ্যাকাউন্টের ব্যালান্স পরীক্ষা করা, ব্যাঙ্ক ট্রান্সফার এবং ওয়্যার ট্রান্সফার করতে সমস্যায় পড়েন। ব্যাঙ্ক অফ আমেরিকার গ্রাহকদের ক্ষেত্রে এটিএম এবং ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবায় সমস্যা দেখা যায়। অন্যদিকে, ইউএস ব্যাঙ্ক-এর গ্রাহকরা অ্যাকাউন্টে লগ ইন করা এবং টাকা ট্রান্সফার করতে অসুবিধার কথা জানান। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই গ্রাহকদের মধ্যে উদ্বেগ ছড়ায়। বিশেষ করে অনলাইন লেনদেন এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ের উপর নির্ভরশীল মানুষেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।
সফটওয়্যার বাগের কারণেই বিপর্যয়
ব্যাঙ্কিং পরিষেবায় এই বিভ্রাটের কারণ নিয়ে মুখ খোলে JPMorgan Chase। সংস্থার তরফে জানানো হয়, তাদের নিজস্ব পরিকাঠামোয় ব্যবহৃত অন-প্রিমাইস হার্ডওয়্যার সিস্টেমে একটি সফটওয়্যার বাগের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্পষ্ট করে দেয়, এই ঘটনার সঙ্গে সাইবার হামলার কোনও যোগ নেই। কিছু গ্রাহক স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিয়ে পরিষেবা পাচ্ছিলেন। সোমবার দিনের শেষের মধ্যে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক করার আশা প্রকাশ করেছিল সংস্থা। এছাড়াও ব্যাঙ্কের তরফে জানানো হয়, অন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কিছু লেনদেনও এই প্রযুক্তিগত সমস্যার কারণে প্রভাবিত হয়ে থাকতে পারে। তবে গোটা ব্যাঙ্কিং ব্যবস্থার উপর এর কোনও কাঠামোগত বা সিস্টেমিক প্রভাব পড়েনি বলেই দাবি করা হয়েছে।
ইউনাইটেড এয়ারলাইন্সেও প্রযুক্তিগত বিপর্যয়
ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি সোমবারই প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ে আমেরিকার অন্যতম বড় বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স (United Airlines)। ১৬ নভেম্বর সংস্থার সিস্টেমে বিভ্রাটের কারণে প্রায় ৯০ মিনিটেরও বেশি সময় ধরে পরিষেবা ব্যাহত হয়। এর জেরে একাধিক বিমান নির্ধারিত সময়ে উড়তে পারেনি। বিমানবন্দরে আটকে পড়েন বহু যাত্রী। পরে ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হয়েছে। এই বিভ্রাটের কারণে কিছু বিমান ছাড়তে দেরি হলেও আকাশে উড়তে থাকা বিমানগুলির ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। সংস্থার আঞ্চলিক বিমান পরিষেবাও প্রভাবিত হয়নি বলে জানানো হয়। ঠিক কোন সিস্টেমে সমস্যা হয়েছিল, তা অবশ্য প্রকাশ করেনি বিমান সংস্থা। তবে রিপোর্ট অনুযায়ী, পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জানিয়েছিলেন, বিমানের চূড়ান্ত ওজন নির্ধারণের কাজে ব্যবহৃত একটি সিস্টেমে সমস্যা দেখা দিয়েছিল। বিমানের নিরাপদ উড্ডয়নের জন্য এই ওজন সংক্রান্ত হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার ইউনাইটেড এয়ারলাইন্সের প্রায় ৬০০টি বিমানের উড়ানে দেরি হয়। যদিও এর মধ্যে ঠিক কতগুলি বিলম্ব সরাসরি এই প্রযুক্তিগত বিভ্রাটের কারণে হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।
টেলিকমিউনিকেশন বিপর্যয়, বাতিল ৩৪৯টি বিমান
ইউনাইটেড এয়ারলাইন্সের এই ঘটনার কয়েক দিন আগেই আমেরিকার বিমান পরিষেবায় আরও বড়সড় বিপর্যয় দেখা গিয়েছিল। গত শুক্রবার টেলিকমিউনিকেশন ব্যবস্থায় সমস্যার কারণে ফেডারেল এ্যাভিয়েশন (FAA) দেশজুড়ে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা বা গ্রাউন্ড স্টপ জারি করে। এর ফলে কয়েক ঘণ্টা ধরে বিমান চলাচল ব্যাহত হয়। এই ঘটনার জেরে আমেরিকা জুড়ে ৫,০০০-এরও বেশি বিমান দেরিতে ছাড়ে এবং ৩৪৯টি বিমান বাতিল করতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে সোমবার পর্যন্ত সময় লাগে। অর্থাৎ, টানা কয়েক দিন ধরে আমেরিকার বিমান পরিবহণ ব্যবস্থাকে প্রযুক্তিগত সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে। এই ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরনো প্রযুক্তি ও পরিকাঠামোকে দায়ী করেন।
বিপর্যয়ের সূত্রপাত
পরপর এই ঘটনাগুলির মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে সময়ের নিরিখে। কারণ, এই ধারাবাহিক প্রযুক্তিগত সমস্যার সূত্রপাত হয়েছিল গত ১২ নভেম্বর মাইক্রোসফট (Microsoft)-এর পরিষেবা বিভ্রাটের মাধ্যমে। সেদিন মাইক্রোসফট-এর একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা কার্যত অচল হয়ে পড়ে। এর ফলে বিভিন্ন সংস্থা, অফিস এবং প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়। পরে মাইক্রোসফট জানায়, এই বিপর্যয়ের পিছনে তিনটি প্রধান কারণ কাজ করেছিল। প্রথমত, সফটওয়্যারের একটি আগে থেকেই থাকা ত্রুটি। দ্বিতীয়ত, সংস্থার অভ্যন্তরীণ সংযোগ ব্যবস্থায় সমস্যা। তৃতীয়ত, সার্ভারের সক্ষমতার সীমাবদ্ধতা।
তাহলে কি আমেরিকার উপর সমন্বিত সাইবার হামলা?
মাত্র পাঁচ দিনের মধ্যে মাইক্রোসফট, আমেরিকার একাধিক বড় ব্যাঙ্ক এবং বিমান পরিবহণ ব্যবস্থায় একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়। স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে, এগুলি কি নিছক বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোনও পরিকল্পিত সাইবার হামলা? বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে একাধিক ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে, এমন কোনও প্রমাণ সামনে আসেনি। একইভাবে সমন্বিত সাইবার হামলারও কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যালেক্স হ্যামারস্টোন (Alex Hamerstone) জানিয়েছেন, এই ঘটনাগুলির সম্ভাব্য কারণ হিসেবে পুরনো ও দুর্বল প্রযুক্তিগত পরিকাঠামোকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাঁর মতে, গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির প্রযুক্তিগত ব্যবস্থা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। সেই সঙ্গে প্রতিদিনের কাজকর্মে প্রযুক্তির উপর নির্ভরশীলতা ক্রমশ বাড়ছে। ফলে কোনও একটি ব্যবস্থায় ত্রুটি দেখা দিলেই তার প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতাই কি বড় বিপদের কারণ?
বিশেষজ্ঞদের বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট, আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি এখন একে অপরের সঙ্গে প্রযুক্তিগতভাবে যুক্ত। ব্যাঙ্কিং থেকে বিমান পরিবহণ, অফিসের যোগাযোগ ব্যবস্থা থেকে আর্থিক লেনদেন—প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল পরিকাঠামোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পরিকাঠামোর কোনও অংশ পুরনো হয়ে গেলে, নিয়মিত আপডেট না হলে কিংবা সার্ভারের উপর অতিরিক্ত চাপ তৈরি হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি ব্যবস্থা অত্যন্ত জটিল এবং পরস্পরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই ধরনের ব্যবস্থায় কোনও একটি ছোট ভুল বা প্রযুক্তিগত ত্রুটিও দ্রুত বড় আকার ধারণ করতে পারে। এমনকী তার প্রভাব পড়তে পারে ব্যাঙ্কিং, বিমান পরিবহণ এবং অন্যান্য জরুরি পরিষেবার উপরেও।

Leave a Reply