মাধ্যম নিউজ ডেস্ক: জায়গা বদল হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার (PM Modi Rally)। ভোটমুখী পশ্চিমবঙ্গে তাঁর প্রথম জনসভা করার কথা ছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ৫ এপ্রিলের ওই সভা বাতিল করে দেওয়া হয়েছে। যদিও ওই দিনই প্রধানমন্ত্রী জনসভা করবেন কোচবিহারের (Cooch Behar) রাসমেলার মাঠে। পাঁচ দিন পর ফের বাংলায় আসবেন তিনি। ১০ এপ্রিল শিলিগুড়িতে রোড-শো করবেন তিনি।
বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী (PM Modi)
১৪ মার্চ ব্রিগেডে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। তার পরের দিনই বঙ্গ-নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। এর পরেই শুরু হয় জল্পনা, কবে ফের রাজ্যে এসে জনসভা করবেন তিনি। বঙ্গ বিজেপির একাংশ চেয়েছিলেন, রামনবমীর দিন বাংলায় প্রচার শুরু করুন প্রধানমন্ত্রী। পরে শোনা গিয়েছিল মার্চের শেষাশেষি বাংলায় প্রচার শুরু করতে পারেন তিনি। আরও পরে জানা যায়, মার্চ নয়, এপ্রিলের ৫ তারিখে প্রধানমন্ত্রী তাঁর প্রথম জনসভাটি (PM Modi Rally) করবেন আলিপুরদুয়ারে। পরে জানা যায়, ঠাঁই বদল হয়েছে প্রধানমন্ত্রীর জনসভার। যদিও তারিখ একই রয়েছে। আলিপুরদুয়ারের পরিবর্তে জনসভা হবে কোচবিহারে।
নির্বাচন হবে দু’দফায়
রাজ্যে এবার দু’দফায় নির্বাচন হবে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। তার পর ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। উত্তরবঙ্গের সব আসনেই নির্বাচন হবে প্রথম দফায়। উনিশ সাল থেকে উত্তরবঙ্গ ক্রমেই পরিণত হয় গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটিতে। একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে ভালো ফল করে পদ্ম-শিবির। ওয়াকিবহাল মহলের মতে, সেই উত্তরবঙ্গেই প্রথম সভা (PM Modi Rally) করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির এই অক্লান্ত সৈনিক। এদিকে, প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে আসার আগেই ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করবে বিজেপি। সূত্রের খবর, ৪ এপ্রিলই সঙ্কল্পপত্র প্রকাশ করা হবে।
রাজ্যের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ
প্রসঙ্গত, দিন দুয়েক আগেই নিউটাউনের একটি হোটেল থেকে রাজ্যের বিরুদ্ধে অভিযোগে ভরপুর ‘চার্জশিট’ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয় তাতে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও একাধিক অভিযোগ তুলে ধরেছেন তিনি। চার্জশিটের পর এবার প্রকাশিত হবে সংকল্পপত্র। যা নিয়ে ফের চাঞ্চল্য রাজনৈতিক মহলে (Cooch Behar)। জানা গিয়েছে, সঙ্কল্পপত্রে বেশ কয়েকটি বিষয় থাকবে। এর মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মহিলাদের মাসিক ৩ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস। ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন তৈরি হবে, সীমান্তে অনুপ্রবেশকারীদের রুখতে আরও শক্তিশালী করা হবে বিএসএফকে। চাকরি প্রার্থীদের বয়সে ৫ বছর ছাড়ও দেওয়া হবে। বিজেপির এই সঙ্কল্পপত্র (পড়ুন, ইস্তেহার) প্রকাশ করতে পারেন জেপি নাড্ডা কিংবা নিতিন নবীন।

Leave a Reply