মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভা ভোটের (Assembly Elections 2026) আগে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। মধ্যরাতে প্রকাশিত হল বিবেচনাধীন ভোটারদের এই তালিকা। জাতীয় নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হল। জানা গিয়েছে, এই লিস্টে মোট ২৯ লক্ষের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু, ঠিক কত লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বা যুক্ত হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সোমবার রাত ১২টার কয়েক মিনিট আগে ওই তালিকা প্রকাশ করেছে তারা। বুথ অনুযায়ী দু’টি ভাগে তালিকাটি প্রকাশ করেছে কমিশন। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা তালিকা বার করা হয়েছে।
প্রযুক্তিগত সমস্যা রয়েছে
কমিশন সূত্রে খবর, বুথমাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে নাম রয়েছে কি না কোনও ভোটার জানতে পারবেন। তালিকা প্রকাশ করা হলেও প্রযুক্তিগত সমস্যা রয়েছে বলে অভিযোগ। বেশির ভাগ বুথের অতিরিক্ত তালিকা ডাউনলোড করা যাচ্ছে না। এমনকি এপিক নম্বর দিয়েও নাম দেখা যাচ্ছে না। এসআইআর শুরুর আগে, এ রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম। সেই তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। পরে শুনানিতে বাছাই করে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ দেওয়া হয়, এবং ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। অর্থাৎ, সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বাদের হিসাব দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। ওইদিন প্রকাশিত হওয়া প্রথম দফার চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তার মধ্যে আবার ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিবেচনাধীন পর্যায়ে ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ভোটারদের তথ্য নিষ্পত্তি করছেন বিচারকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন। এই মুহূর্তে রাজ্যে ৭০৫ জন বিচারক ওই কাজে নিযুক্ত রয়েছেন। রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে ২৮ লক্ষ ৬ হাজার বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে।
নাম বাদ পড়লে ট্রাইবুনাল গঠন
সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল জানান, রাত ৯টা নাগাদ তালিকা প্রকাশিত হবে। শেষ পর্যন্ত রাত ১২টার কয়েক মিনিট আগে বিবেচনাধীন ভোটারদের একাংশের চুড়ান্ত তালিকা বার করা হল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে সেই ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। এই তালিকায় যাদের নাম বাদ পড়বে তাঁরা সেখানে আবেদন করতে পারবেন।

Leave a Reply