US: পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতীয় নিখিল গুপ্তার ১৯ বছরের কারাদণ্ড

us-court-sentences-nikhil-gupta-over-19-years-pannun-plot

মাধ্যম নিউজ ডেস্ক: নিউ ইয়র্কে খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ১৯ বছরেরও বেশি কারাদণ্ড দিল আমেরিকার (US) আদালত। শুক্রবার তাঁকে ২৩৫ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে (Nikhil Gupta)। যদিও কারাবাস শেষে তাঁর বিরুদ্ধে বহিষ্কার ও প্রত্যর্পণ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে আদালত।

নিউ ইয়র্কের দক্ষিণ জেলা আদালতের বিচারক ভিক্টর মাররোর প্রায় ৮০ মিনিটের শুনানির পর এই সাজা ঘোষণা করেন। কারাবাসের পরে কোনও অতিরিক্ত তত্ত্বাবধানে মুক্তির মেয়াদ ধার্য করেননি বিচারক। তাঁর নির্দেশ, সাজা শেষ হলে নিখিলকে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

বছর পঞ্চান্নর নিখিল চলতি বছরের গোড়ায় নিজের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ স্বীকার করেছিলেন। এর মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে হত্যার পরিকল্পনা, সেই পরিকল্পনায় ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্র। শুক্রবারের শুনানিতে বিচারক তাঁকে নিজের দোষ স্বীকারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে চান কি না, তা জানতে চান। উত্তরে গুপ্তা বলেন, “না, আমি আমার দোষ স্বীকারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে চাই না।”

হত্যার ঘটনা ঘটেনি, দাবি নিখিলের (US)

জেলের উর্দি পরা নিখিলকে মার্কিন নিরাপত্তারক্ষীরা আদালতে নিয়ে আসেন। সেখানে আইনজীবীদের পাশে বসেন তিনি। অভিযুক্তের আইনজীবীরা দাবি করেন, তথাকথিত ষড়যন্ত্র বাস্তবে কোনও হত্যাকাণ্ডে পরিণত হয়নি। পাশাপাশি ভারতে তাঁর কোনও অপরাধমূলক অতীতের প্রমাণ নেই বলেও যুক্তি দেন তাঁরা। নিখিলের জন্য তুলনামূলক কম মেয়াদের কারাদণ্ড চেয়েছিলেন তাঁর আইনজীবীরা।

যদিও সরকারি আইনজীবীরা অভিযুক্তের মদ্যপানের আসক্তি সংক্রান্ত যুক্তির বিরোধিতা করেন। তাঁদের বক্তব্য, গুপ্তা ষড়যন্ত্রে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। পরিকল্পনায় তাঁর ভূমিকার প্রমাণ হিসেবে কয়েকটি কথোপকথনের অডিয়ো রেকর্ডিং আদালতে বাজানোর অনুমতি চেয়েছিলেন তাঁরা। তবে বিচারক সেই আবেদন খারিজ করে দেন। তাঁর মতে, দোষ স্বীকারের পর মামলার এই পর্যায়ে রেকর্ডিং শোনানোর প্রয়োজন নেই।

শুনানিতে প্রায় ছ’মিনিট বক্তব্য রাখেন নিখিল। নিজের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করে পান্নুন, সংশ্লিষ্ট সম্প্রদায় এবং যাঁদের ক্ষতি হয়েছে তাঁদের কাছে ক্ষমা চান তিনি। বলেন, “আমি যা করেছি, তা আর ফিরিয়ে নিতে পারব না। পান্নুন, সম্প্রদায় এবং যাঁদের ক্ষতি করেছি, তাঁদের কাছে আমি দুঃখিত।” এই মামলার কারণে তাঁর পরিবারের সদস্যদেরও ভোগান্তির কথা তুলে ধরেন নিখিল। তাঁর স্ত্রী, মা ও সন্তানদের কোনও অপরাধ না থাকা সত্ত্বেও তাঁদের কষ্ট সহ্য করতে হয়েছে বলে জানান তিনি।

আবেগপ্রবণ নিখিল

আবেগপ্রবণ হয়ে গিয়ে তিনি বলেন, আদালত যা সাজা দেবে, তিনি তা মেনে নেবেন। কারাবাস শেষে আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন বলেও জানান। ষড়যন্ত্রে যোগ দিয়ে যা করেছেন, তার দায় থেকে পালানোর কোনও পথ নেই এবং বাকি জীবন সেই ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন বলে জানান তিনি।

বিচারক মাররোর মতে, অপরাধের প্রকৃতি বিবেচনায় ২৩৫ মাসের কারাদণ্ড যথাযথ। তবে সাজা ঘোষণার পর নিখিলের আইনজীবীরা হতাশা প্রকাশ করেন। তাঁদের আশা ছিল, আদালত আরও কম মেয়াদের সাজা দেবে (US)।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি নিখিল তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগেই দোষ স্বীকার করেন। এই অভিযোগগুলির ক্ষেত্রে আইন অনুযায়ী সর্বোচ্চ প্রায় ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।

কীভাবে পান্নুনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল?

আমেরিকার বিচার বিভাগের দাবি, ভারতের প্রাক্তন গোয়েন্দা আধিকারিক বিকাশ যাদব ২০২৩ সালের মে মাসে পান্নুনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিখিলকে নিয়োগ করেছিলেন। যাদবের নির্দেশে নিখিল এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যাঁকে তিনি অপরাধজগতের সহযোগী বলে মনে করেছিলেন। কিন্তু ওই ব্যক্তি আসলে আমেরিকার মাদক নিয়ন্ত্রণ সংস্থার গোপন তথ্যদাতা ছিলেন।

সেই তথ্যদাতা নিখিলের সঙ্গে এক ভাড়াটে খুনির পরিচয় করিয়ে দেন। নিখিল যাঁকে খুনি বলে মনে করেছিলেন, তিনি আসলে ছিলেন মাদক নিয়ন্ত্রণ সংস্থার ছদ্মবেশী আধিকারিক।

অভিযোগ অনুযায়ী, পন্নুনকে হত্যার জন্য ওই ছদ্মবেশী আধিকারিককে এক লক্ষ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যাদব। পরে ২০২৩ সালের ৯ জুন যাদব ও গুপ্তা এক সহযোগীর মাধ্যমে ১৫ হাজার মার্কিন ডলার অগ্রিম পাঠানোর ব্যবস্থা করেন। পান্নুনের বাড়ির ঠিকানা, ফোন নম্বর এবং তাঁর দৈনন্দিন গতিবিধি সম্পর্কিত তথ্যও যাদব গুপ্তাকে সরবরাহ করেছিলেন বলে অভিযোগ।

আমেরিকার কর্তৃপক্ষের অনুরোধে ২০২৩ সালের জুন মাসে প্রাগে গ্রেফতার হন নিখিল। ২০২৪ সালের জুনে তাঁকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয়। এরপর থেকে তিনি ছিলেন ব্রুকলিনের আটক কেন্দ্রে বন্দি (Nikhil Gupta)।

নিখিলের দোষ স্বীকারের পর আমেরিকার সরকারি আইনজীবী জে ক্লেটন বলেন, “নিখিল গুপ্তা নিউ ইয়র্ক শহরে একজন আমেরিকান নাগরিককে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। তিনি ভেবেছিলেন, আমেরিকার বাইরে থেকে এই দেশে কাউকে হত্যা করেও কোনও পরিণতির মুখোমুখি হতে হবে না, শুধুমাত্র ওই ব্যক্তির বাক্‌স্বাধীনতার অধিকার প্রয়োগের কারণে। কিন্তু তাঁর ধারণা ভুল ছিল। তাঁকে আইনের মুখোমুখি হতে হয়েছে (US)।”

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share