মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যজুড়েই ক্রমশ বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। হু হু করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। শীতের আমেজ বাড়ছে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই (West Bengal) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। শুধু তাই নয়, শহরের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তে রাজ্যে শীতের অনুভূতি আরও বাড়তে চলেছে। কেমন থাকবে আগামী কয়েক দিনে বাংলার জেলার আবহাওয়া? জেনে নিন হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস।
উত্তুরে হাওয়ার দাপট বাড়তেই ফিরছে শীত (West Bengal)
গত তিন সপ্তাহে পরপর তিনটি ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে শীতের আগমন বাধা পেয়েছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রার উল্লেখযোগ্য পতন হচ্ছিল না। তবে পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতেই সক্রিয় হয়েছে উত্তুরে হাওয়া। তার প্রভাবেই দ্রুত নামছে পারদ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে রাজ্যে শীতের আমেজ আরও বাড়বে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নামতে পারে।
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতল এলাকায় কোচবিহারের পুণ্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি শহর দার্জিলিঙে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে।
একদিনেই পারদ পতন ৩.২ ডিগ্রি
শীতের পরিবর্তন সবচেয়ে স্পষ্ট কলকাতার তাপমাত্রার পরিসংখ্যানে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে তা এক ধাক্কায় কমে হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টায় তাপমাত্রা নেমেছে প্রায় ৩.২ ডিগ্রি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal), আগামী দু’দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। বিশেষ করে ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বাড়বে। সপ্তাহান্তে পারদ আরও কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের কোন জেলাগুলিতে বাড়বে শীত?
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার কারণে তাপমাত্রা আরও কমতে পারে। কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
আকাশ পরিষ্কার থাকলে রাতের বেলায় ভূপৃষ্ঠ থেকে তাপ দ্রুত বেরিয়ে যায়। এর ফলে রাতের তাপমাত্রা কমে এবং শীতের অনুভূতি বাড়ে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে মনে করছেন আবহবিদরা। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী সাত দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। নভেম্বরের শেষ দিকে আন্দামান সাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তবে সেটি শক্তিশালী হলেও আপাতত বাংলার আবহাওয়ার উপর তার কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়ার ইঙ্গিত মেলেনি।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তুরে হাওয়ার প্রভাবে উত্তরবঙ্গেও শীতের অনুভূতি বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে। শুক্রবারের মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কুয়াশার প্রভাব বেশি থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট বেশি থাকার আশঙ্কা রয়েছে। ফলে ভোরের দিকে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে?
তাপমাত্রার পারদ আপাতত নিম্নমুখী হলেও গোটা শীতের মরশুমে কতটা ঠান্ডা পড়বে, তা নিয়ে এখনও নিশ্চিত নন আবহবিদরা। আন্তর্জাতিক সংস্থা আইসিআইএমওডির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে দেশের সমতল এলাকাগুলিতে শীতের দাপট তুলনামূলক কম থাকতে পারে। অন্যদিকে, পাহাড়ি অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আবহবিদদের একাংশের মতে, এল নিনোর প্রভাবে এ বছর স্বাভাবিকের তুলনায় বেশি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। ঘনঘন পশ্চিমী ঝঞ্ঝার কারণে (Weather Update) কাশ্মীর থেকে সিকিম পর্যন্ত হিমালয় সংলগ্ন এলাকায় প্রবল তুষারপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে পরপর দু’টি পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে পর্যাপ্ত ব্যবধান না থাকলে সমতল এলাকায় কনকনে শুষ্ক উত্তুরে হাওয়ার প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে।
এর জেরে উত্তরপ্রদেশ ও বিহার বাদে দেশের অধিকাংশ সমতল রাজ্যে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে বাংলাতেও দীর্ঘ সময় ধরে হাড়কাঁপানো ঠান্ডার সম্ভাবনা কিছুটা (West Bengal) কম বলে মনে করছেন আবহবিদরা। নভেম্বরের শেষে মৌসম ভবনের চূড়ান্ত পূর্বাভাস প্রকাশিত হলে চলতি মরশুমে শীতের প্রকৃতি সম্পর্কে মিলবে আরও স্পষ্ট ধারণা।

Leave a Reply