মাধ্যম নিউজ ডেস্ক: ভারত, ফ্রান্স, আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা—সবক’টি অঞ্চলই ‘চরমপন্থী ইসলামি মতাদর্শের’ বিপদের মুখে (Islamist Threat) দাঁড়িয়ে রয়েছে। এমনটাই দাবি করলেন ফ্রান্সের সাংসদ মারিন ল্য পেন। ভারতের কৌশলগত স্বাধীনতা বজায় রাখা এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার সিদ্ধান্তকেও জোরালো সমর্থন জানিয়েছেন তিনি। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভারতের বিদেশনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ল্য পেন (French MP)।
ফ্রান্সের রাজধানী প্যারিসে নিজের দফতর থেকে সাক্ষাৎকার দিতে গিয়ে ল্য পেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক জটিল বিষয়কে সরলীকরণ করে দেখেন। তাঁর মতে, আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে আরও গভীর ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল ইসলামি মৌলবাদ। এই মতাদর্শ বিভিন্ন অঞ্চলে সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠছে।
তবে ইসলাম ধর্ম এবং ইসলামি মৌলবাদকে এক করে দেখতে নারাজ ল্য পেন। তাঁর বক্তব্য, ধর্ম হিসেবে ইসলাম এবং উগ্রপন্থী মতাদর্শের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও তিনি মনে করেন, ইসলামি মৌলবাদ ফ্রান্সের রাষ্ট্রীয় ও সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, “ভারত, আমেরিকা, ইউরোপের প্রতিটি দেশ এবং আফ্রিকার দেশগুলিও চরমপন্থী ইসলামি মতাদর্শের বিপদের মুখোমুখি।”
ভারতের স্বাধীন বিদেশনীতিকে সমর্থন (French MP)
সাক্ষাৎকারে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নয়াদিল্লির বিদেশনীতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন ল্য পেন। পশ্চিমি দেশগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গেও ভারতের যোগাযোগ অব্যাহত রাখার নীতিকে সমর্থন জানিয়েছেন তিনি। রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল কেনার সিদ্ধান্তকেও যথার্থ বলে মনে করেন ফরাসি নেত্রী।
তাঁর মতে, ভারতের এই অবস্থান এমন এক ঐতিহ্যের প্রতিফলন, যেখানে কোনও একটি শক্তিধর রাষ্ট্রের উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজের স্বার্থ ও স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করা হয়। জাতীয় সার্বভৌমত্ব এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন।
ল্য পেনের বক্তব্য, কোনও দেশ নিজের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে সিদ্ধান্ত নেয়, সেটাই স্বাভাবিক। ভারতের কৌশলগত স্বাধীনতা বজায় রাখা কিংবা রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তের সমালোচনা করা আসলে রাষ্ট্রের সার্বভৌম অধিকারের বিরোধিতা করার শামিল।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর দৃষ্টিভঙ্গির সঙ্গে নিজের অবস্থানের তুলনা করে ল্য পেন বলেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের ভাষার পরিবর্তে রাষ্ট্র ও জাতির স্বার্থের ভাষায় কথা বলতে পছন্দ করেন। তাঁর মতে, নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া দেশগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও সহজ হতে পারে।
ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব
বিদেশনীতি সংক্রান্ত অগ্রাধিকারের তালিকায় ভারতের অবস্থান কোথায়, জানতে চাওয়া হলে ল্য পেন জানান, ভারতকে তিনি যথেষ্ট গুরুত্ব দেন। দুই দেশের মধ্যে সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি অভিন্ন গুরুত্ব দেওয়ার বিষয়টি এর অন্যতম কারণ।
ম্যাক্রঁর নীতির সমালোচনা করলেও (French MP) ফ্রান্স-ভারত সম্পর্কের উন্নয়নে তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন ল্য পেন। তাঁর মতে, দুই দেশের সম্পর্ক এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমুখী অংশীদারিত্বে পরিণত করা প্রয়োজন।
ফ্রান্সের বিক্ষোভ নিয়েও মন্তব্য
সাক্ষাৎকারে ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গও উঠে আসে। মূল্যবৃদ্ধি এবং শিক্ষা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ (Islamist Threat) প্রতিবাদ ও বামপন্থী গোষ্ঠীগুলির হিংসাত্মক সংঘর্ষের মধ্যে পার্থক্য করেন ল্য পেন।
তাঁর অভিযোগ, সংগঠিত লুটপাট ও হিংসার পিছনে দীর্ঘদিনের বিশৃঙ্খল অভিবাসন নীতি এবং দুর্বল বিচারব্যবস্থার ভূমিকা রয়েছে। কয়েক দশক ধরে এই সমস্যাগুলির সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন ফরাসি এমপি (French MP)।

Leave a Reply