PM Modi: “বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের চেয়ে দক্ষ কর্মীদের কদর বাড়বে”, বললেন মোদি

skilled-workers-ai-pm-modi-iti-training-university-degrees

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে ভারতীয় দক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের তুলনায় হাতে-কলমে কাজ জানা কর্মীদের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব চাকরির বাজারে বাড়লেও বিশেষ দক্ষতা ও কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মীদের প্রয়োজনীয়তা অটুট থাকবে বলে দাবি তাঁর। একই সঙ্গে দেশে বৃত্তিমূলক শিক্ষার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি বদলের (ITI Training) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার উত্তরপ্রদেশের লখনউয়ে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মোদি। তাঁর কথায়, সময় বদলাচ্ছে। শুধু শংসাপত্র থাকলেই নয়, বাস্তবে কাজ করার দক্ষতা রয়েছে এমন কর্মীদের কদর আগামী দিনে আরও বাড়বে। তিনি বলেন, “সময় বদলাচ্ছে। কাগজের শংসাপত্র হাতে নিয়ে ঘুরে বেড়ানো মানুষের তুলনায় প্রকৃত দক্ষতাসম্পন্ন কর্মীদের গুরুত্ব আরও বাড়তে চলেছে।”

বিদেশি শাসনের কুফল (PM Modi)

ভারতের ঐতিহ্যবাহী কারিগরি দক্ষতা ও কর্মভিত্তিক শিক্ষাব্যবস্থা অতীতে বিদেশি আক্রমণ এবং ব্রিটিশ শাসনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, ঔপনিবেশিক শাসকেরা ভারতের নিজস্ব দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে নিজেদের শিল্পের প্রয়োজন মেটানোর জন্য কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন।

মোদি বলেন, “ম্যাকলে এমন একটি শিক্ষাব্যবস্থা চাপিয়ে দিয়েছিলেন, যেখানে আমাদের দক্ষতাভিত্তিক শিক্ষার উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল কেবল কাগজপত্র সামলানোর কর্মী তৈরি করা।” ব্রিটিশরা নিজেদের শিল্পের প্রসার ঘটাতে ভারতের কারিগরি দক্ষতাকেও ধ্বংস করেছিল বলে অভিযোগ তাঁর।

সামাজিক সংকোচ দূর করার আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, এখনও দেশে বৃত্তিমূলক শিক্ষাকে ঘিরে সামাজিক নেতিবাচক ধারণা রয়েছে। অনেক অভিভাবক তাঁদের সন্তান শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তা আত্মীয়স্বজন বা পরিচিতদের জানাতে সংকোচ বোধ করেন। তাঁদের কাছে বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষা বেশি মর্যাদাপূর্ণ বলে বিবেচিত হয়।

তিনি বলেন, “কোনও সন্তান শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি হলে তার বাবা-মা অনেক সময় বন্ধু ও আত্মীয়দের জানান না। তাঁরা বিষয়টি লুকিয়ে রাখেন, লজ্জা পান। কারণ সন্তান বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ছে না, হাতে কাজ করছে, শ্রমিকের পোশাক পরছে।”

এই মানসিকতা বদলানো প্রয়োজন বলে মন্তব্য করেন মোদি। দক্ষতাভিত্তিক শিক্ষাকে সমাজে আরও সম্মানজনক করে তোলার লক্ষ্য (PM Modi) নিয়েছেন বলেও জানান তিনি।

উপসাগরীয় দেশগুলিতে ভারতীয় কর্মীদের চাহিদা

ভারতীয় দক্ষ কর্মীদের চাহিদা বিশেষ করে উপসাগরীয় দেশগুলিতে বাড়ছে বলে দাবি প্রধানমন্ত্রীর। আধুনিক শহর নির্মাণে ভারতীয় কারিগর ও শ্রমিকদের অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মোদি বলেন, “সৌদি আরব, দুবাই, আবুধাবি, কাতার কিংবা কুয়েত সফরে গেলে সেখানকার রাজপরিবারের সদস্যরা প্রায়ই বলেন, তাঁদের আধুনিক শহরগুলি শুধু অর্থ দিয়ে তৈরি হয়নি, ভারতের কারিগরদের কঠোর পরিশ্রমেও গড়ে উঠেছে।”

তাঁর দাবি, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ ভারত থেকে কর্মী চাইছে। তবে তাঁদের চাহিদা শুধু বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য নয়, শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষিত কর্মীদের জন্যও।

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারানোর আশঙ্কা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ দক্ষতা ও কাজের অভিজ্ঞতা রয়েছে এমন কর্মীদের সহজে প্রতিস্থাপন করা সম্ভব নয়। তাঁর কথায়, “যাঁর হাতে দক্ষতা রয়েছে, তাঁর কাজ কেউ কেড়ে নিতে পারবে না।”

প্লাম্বারের অভাবে সমস্যায় পড়েছিল দেশ

পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন এবং রান্নার গ্যাসের জোগান নিয়ে উদ্বেগের প্রসঙ্গ তুলে মোদি বলেন, বাড়িতে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন অন্তত এক লক্ষ বাড়িতে এই সংযোগ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংযোগের সংখ্যা বাড়াতে বললেও কাজের গতি প্রত্যাশা অনুযায়ী বাড়ছিল না। এর কারণ হিসেবে প্লাম্বারের অভাবের কথা তাঁকে জানানো হয়।

তিনি বলেন, “আমি জানতে চাইতাম, সংযোগের সংখ্যা ১৫-২০ হাজারের বেশি হচ্ছে না কেন? উত্তরে বলা হয়েছিল, সমস্ত চেষ্টা করেও প্লাম্বার পাওয়া যাচ্ছে না। প্লাম্বারের ঘাটতি রয়েছে। দেশের প্রয়োজনের দিকে তাকান, প্লাম্বারের জন্য হাহাকার তৈরি হয়েছিল!”

দারিদ্র্য দূরীকরণকে বড় সাফল্য বলে দাবি

স্বাধীনতার পর ভারতের অন্যতম বড় সাফল্য হিসেবে দারিদ্র্য থেকে প্রায় ৫০ কোটি মানুষের বেরিয়ে আসার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, উন্নত ভারত গড়ার লক্ষ্য অর্জনেও এই অগ্রগতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সরকার দরিদ্রদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে তাঁদের ক্ষমতায়ন করেছে বলেও দাবি করেন তিনি। দেশের উন্নয়নে তাঁদের অগ্রগতিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ (ITI Training) করেন মোদি।

উত্তরপ্রদেশে সেমিকন্ডাক্টর ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র উৎপাদন

উত্তরপ্রদেশে শিল্পোন্নয়নের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানান, রাজ্যে সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা গড়ে উঠছে। পাশাপাশি অপারেশন সিঁদুরে ব্যবহৃত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রও উত্তরপ্রদেশে উৎপাদিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি (PM Modi)।

প্রধানমন্ত্রীর মতে, শিল্পায়ন, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে উত্তরপ্রদেশ-সহ গোটা দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share